স্পোর্টস ডেস্ক : ভালো খেললে তার প্রতিদান- দলে থিতু হয়ে যান খেলোয়াড়রা। আর খারাপ খেললে কী হবে? দল থেকে বাদ পড়াই তো তার যোগ্য প্রতিদান। ব্যতিক্রম ঘটেনি আহমেদ শেহজাদের ক্ষেত্রেও। ঘটেছে ঠিক তেমনই। বেশ কয়েকটি ম্যাচে ব্যাট হাতে দ্যুতি ছড়াতে পারেননি তিনি। যে কারণে ভারতে অনুষ্ঠ্যেয় টি-২০ বিশ্বকাপের জন্য ঘোষিত পাকিস্তানের ১৫ সদস্যের স্কোয়াড থেকেই বাদ পড়েছেন ২৪ বছর বয়সী এই ওপেনার।
বিশ্বকাপে নেই, তবুও খুশি শেহজাদ। মেনে নিয়েছেন বাস্তবতা। ভালো খেলতে পারেননি বলেই দলে থাকার সুযোগ হয়নি তার। নইলে কেনই বা পাকিস্তান দলের নির্বাচকদের সিদ্ধান্তকে স্বাগত জানাবেন? গত সপ্তাহে পিএসএলে কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে ৪৬ বলে ৭১ রানের ইনিংস খেলার পরও নির্বাচকদের আকৃষ্ট করতে পারেননি এই উদ্বোধনী ব্যাটসম্যান।
নির্বাচকদের মাথায় হয়তো ঘোরপাক খাচ্ছিল শেহজাদের সবশেষ দশ ইনিংস (১৮, ৪৬, ৭, ১৭, ৭, ২৮, ৪, ১৬, ৯ ও ৮)। এই পরিসংখ্যান কিন্তু শেহজাদের নামের পাশে সত্যি বেমানান! বাস্তবতা মেনে নিয়ে আহমেদ শেহজাদ বলেন, ‘এই ইনিংসটি (৪৬ বলে ৭১) নির্বাচকদের কোনো চাপ সৃষ্টি করেনি! আমাকে কেন দলে রাখা হয়নি তারাই ভালো জানেন। তবে টি-২০ বিশ্বকাপে আমাকে নিয়ে তারা যে সিদ্ধান্তই নিয়েছেন, আমি তাতে খুশি।’
পাশাপাশি শেহজাদকে দলে না নেয়ার কারণ বর্ণনা করলেন পাকিস্তান দলের প্রধান নির্বাচক হারুণ রশিদ, ‘বেশ কিছুদিন শেহজাদ ভালো পারফর্ম করতে পারেনি। সে কারণেই দল থেকে ছিটকে পড়েছে। অপরদিকে খুররাম মানজুর ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেছে। বিশেষ করে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে নজরকাড়ার মতোই পারফর্ম করেছে সে।’

