অর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিএসআরএম স্টিল লিমিটেডের সঙ্গে একীভূত হচ্ছে বিএসআরএম আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি লিমিটেড। একই সঙ্গে বিএসআরএম স্টিল লিমিটেডের পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে।
বিএসআরএম স্টিলের পরিচালনা পর্ষদের সভায় ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা দেয় এবং ওই সভায় কোম্পানি দুটিকে একীভূতকরণের সিদ্ধান্ত নেয়া হয়।
কোম্পানি দুটিকে একীভূত করার সিদ্ধান্তটি বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হবে। আগামী ৩০ মার্চ কোম্পানিটির এজিএম এবং ইজিএম চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যথাক্রমে সকাল সাড়ে ৯ টায় এবং সকাল সোয়া ১১টায় অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৩ মার্চ নির্ধারিত করা হয়েছে।
সমাপ্ত বছরে কোম্পানিটির কনসুলেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ১৪ পয়সা এবং কনসুলেটেড শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩০ টাকা ৩ পয়সা।
১৯৯৪ সালের কোম্পানি আইনের সেকশন ২২৮ এবং ২২৯ অনুযায়ী বিএসআরএম আয়রন অ্যান্ড স্টিল কোম্পানির সব সম্পদ ও দায় বিএসআরএম স্টিলে স্থানান্তর করা হবে। তবে তা করার আগে কোম্পানির শেয়ারহোল্ডার ও আদালতের অনুমোদন নিতে হবে কোম্পানিটিকে।

