স্পোর্টস ডেস্ক : বেশ চমকই দেখাতে সক্ষম হল ওয়েস্টহ্যাম ইউনাইটেড। লিভারপুলকে বিদায় করে এফএ কাপের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে দলটি। মঙ্গলবার রাতে ঘরের মাঠ বলেইন গ্রাউন্ডে লিভারপুলকে ২-১ গোলে হারিয়েছে ওয়েস্টহ্যাম।
চতুর্থ রাউন্ডেই ওয়েস্টহ্যাম অবশ্য একটি বড় বাধা অতিক্রম করেছে। কারণ শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল। কোয়ার্টার ফাইনালে যেতে আগামী ২১ ফেব্রুয়ারি ব্ল্যাকবোর্ন রবার্সের মুখোমুখি হবে তাদের।
ম্যাচে গোলের সূচনা করেন মিচেল অ্যান্টনিও। ভ্যালেন্সিয়ার ক্রসে পাওয়া বল থেকে গোল করে প্রথমার্ধের শেষ মিনিটেই ওয়েস্টহ্যামকে এগিয়ে নেন তিনি। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর তিনি মিনিটের ব্যবধানেই লিভারপুল ম্যাচে সমতা ফেরাতে সক্ষম হয়। ফ্রিকিক থেকে নেয়া ফিলিপ কুটিনহোর শট ওয়েস্টহ্যামের জাল ভেদ করে।
নির্ধারিত সময়ে ম্যাচে সমতা বিরাজ করায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের ৩০ মিনিটেও যখন সমতা ভাঙতে পারেনি কোনো দল, তখন শঙ্কা জাগে টাইব্রেকারে নিস্পত্তির। কিন্তু সে পর্যন্ত আর যেতে হয়নি।
অতিরিক্ত সময়ের ইনজুরি টাইমে অ্যাঞ্জেলো অগবন্যার গোলে শেষ হাসি হেসেছে ওয়েস্টহ্যামই। ম্যাচের অন্তিম মুহূর্তে গোল করায় লিভারপুলের জন্য আর ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল না। তাই জর্গেন ক্লপকে এফএ কাপ মিশনে এখানেই থামতে হল।

