স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার কাছে ভ্যালেন্সিয়াই এখন সবচেয়ে চেনা প্রতিপক্ষ। কারণ মাত্র দুই মাসের ব্যবধানে তৃতীয়বারের মতো দলটির মুখোমুখি হতে যাচ্ছে লুই এনরিকের শিষ্যরা। ডিসেম্বরে মেসি-সুয়ারেজ-নেইমারদের লা লিগার ম্যাচে অবশ্য পয়েন্ট খোয়াতে হয়েছে ভ্যালেন্সিয়ার কাছে। তবে গত সপ্তাহে কোপা দেল রে’র সেমিফাইনালের প্রথম লেগে দলটিকে তারা ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে। সেই একই প্রতিপক্ষের বিপক্ষে বুধবার রাত দুইটায় মাঠে নামবে লুই এনরিকের দল। এই ম্যাচ না হারলে বার্সা টানা অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়বে।
বার্সার স্মৃতিতে হয়তো ফিরে আসবে পাঁচ বছর আগের কথা। পেপ গার্দিওলার যেই রেকর্ডটি এখন ভাঙার অপেক্ষায় এনরিক। ২০১১ সাল গার্দিওলার বার্সা ২৮ ম্যাচ অপরাজিত তখন। যার ২৩টিতে জয় ও ৫টিতে ড্র ছিল। গোল করে ৮৫টি। আর নিজেরা গোল খায় ১৪টি। কিন্তু কোপা দেল রে’তে রিয়াল বেটিস থামিয়ে দেয় বার্সার সেই যাত্রা। প্রথম লেগে ৫-০ গোলে জয় পেলেও দ্বিতীয় লেগে ১-৩ ব্যবধানে হেরে যায় কাতালানরা। তাই রেকর্ডের দৌঁড়টা থামে সেখানেই।
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে এনরিকের জন্য আজ বুধবার সেই রেকর্ড ছাড়িয়ে যাওয়ার দিন। বার্সা এখন শেষ ২৮ ম্যাচে অপরাজিত। যার ২৩টিতে জিতেছে। গোল করেছে ৮৬টি আর খেয়েছে ১৪টি। তাই এই ম্যাচে যেন গার্দিওলার মতো হোঁচট না খায় দল সেই চেষ্টাই হয়তো করবেন এনরিক।
কোপা দেল রে’র এই ম্যাচকে সামনে রেখে এনরিক বলেন, ‘এই ম্যাচটি সহজ হবে না। প্রথম লেগে বড় জয়ের পর হোঁচট খেলে তা হবে হতাশার। তবে আমাদের জন্য এটি ভালো একটা লড়াই। এটি প্রমাণ করার সুযোগ যে প্রতিযোগিতামূলক পরিস্থিতিতেও আমরা নিজেদের প্রমাণ করতে পারি। প্রথম লেগ ভুলে আমাদের মাঠে যেতে হবে। সেখানে জয়ের জন্য সবকিছুই করতে হবে। আমাদের ধারণা নেই ভ্যালেন্সিয়া কোন কৌশলে খেলবে।’
ভ্যালেন্সিয়া কোচও মানছেন খেলাটা তাদের জন্য কঠিন। ৭-০ গোলে হেরে ফাইনালে যাওয়াটাও অসম্ভব। তথাপি ইতিবাচক মনোভাব নিয়ে মাঠে লড়াই করতে চান ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ডের সাবেক এই ফুটবলার। ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘আমার দিক থেকে মনে হয়, তারা যা চায় তা করতে দেয়া উচিত। আমার আত্মবিশ্বাস আছে এবং আমি ইতিবাচক। এ অবস্থায় ফলটা আমাদের জন্য বড় পরীক্ষা। অবশ্যই পরবর্তী রাউন্ডে যাওয়ার মতো ফল পাওয়াটা প্রায় অসম্ভবই। তবে আমি মাঠে পারফর্ম করতে চাই। স্টেডিয়ামে যারা আসবে তাদের জন্য হলেও কিছু করতে চাই।’

