নিজস্ব প্রতিবেদক : অনিয়ম, দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে ৫০ কোটি টাকার বেশি কাজে যুক্ত হচ্ছে ই-টেন্ডার। বর্তমানে ৫০ কোটি টাকার নিচের কাজের ক্ষেত্রে ই-টেন্ডার চালু রয়েছে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতায় সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) সহায়তায় প্রাথমিকভাবে ১০০টি সরকারি প্রতিষ্ঠানের বড় কেনাকাটায় ই-টেন্ডার চালু হচ্ছে। আগামী মার্চ মাস থেকে এটি চালু হবে।
মঙ্গলবার বিকেলে রাজধানীর শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ)আয়োজিত ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিকে (সিসিজিপি) ই-সিসিপিকে ই-জিপিতে অন্তর্ভুক্তি’ শীর্ষক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ কর্মসূচি বাস্তবায়নের হলে জবাবদিহিতা ও স্বচ্ছতা অধিকতর নিশ্চিত হবে। এজন্য সরকারি টেন্ডার ও ক্রয়প্রক্রিয়া অনলাইনেই করতে হবে। কত সহজে এ কাজটি নির্ভুলভাবে করা যায় সে বিষয়টি নিশ্চিত করতে হবে। তবে কাজটি সুষ্ঠুভাবে করার জন্য প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে।’
তিনি বলেন, ‘অনলাইনে সরকারি ক্রয়-বিক্রয় পূর্ণ মাত্রায় বাস্তবায়নের লক্ষ্যে পরিকল্পিতভাবে কাজ শুরু করতে হবে।ক্রমান্বয়ে এর পরিধি বাড়াতে হবে। সরকারি ক্রয় সংক্রান্ত কার্যক্রম সহজ ও নির্ভুলভাবে সম্পন্ন করতে প্রশিক্ষণ অপরিহার্য বলে জানান তিনি।
বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিটিইউ-এর মহাপরিচালক ফারুক হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইএমইডি সচিব মোহাম্মদ শহীদউল্লা খন্দকার, পরিকল্পনা কমিশনের সদস্য আবদুল মান্নান, বিশ্বব্যাংকের প্রতিনিধি জাফরুল ইসলাম প্রমুখ।

