স্পোর্টস ডেস্ক : মাত্র ৫৭ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপর্যস্ত পাকিস্তান যুব দলের হাল ধরেন উমায়ের মাসুদ ও সালমান ফাইয়াজ। পঞ্চম উইকেটে এ দুজনের জুটিতে ১৬৪ রান করেন। এর মধ্যে সেঞ্চুরি করেছেন মাসুদ। ১১৪ বল থেকে ১৫টি চার ও দুটি ছক্কার মারে ১১৩ রান করেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন ফাইয়াজ। ৭৯ বল থেকে তিনি করেন অপরাজিত ৫৮ রান। এ দুজনের দৃঢ়তায় ছয় উইকেটে ২২৭ রান করেছে পাকিস্তানের যুবারা। তাই সেমিফাইনালে যেতে ওয়েস্ট ইন্ডিজ যুবাদের করতে হবে ২২৮ রান।
এর সোমবার সকালে যুব বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনালে মুদ্রানিক্ষেপণে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল তবে শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের বোলিং তোপে দিশেহারা হয়ে পড়ে তারা। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ২১ ওভারে মাত্র ৫৭ রানেই পাঁচ উইকেট হারায় তারা।
৪ রানের মাথায় জিসান মালিক আউট হয়ে যান হোল্ডারের বলে। দলীয় ১৪ রানের মাথায় আবারো আঘাত হানেন হোল্ডার। এ পর্যায়ে শাদাব খানকে প্যাভিলিয়নের পথ দেখান তিনি। দলীয় ২১ রানে মোহাম্মদ ওমর, ৪০ রানে সাঈফ বদর ও ৫৭ রানে হাসান মহসিন ফিরে গেলে শুরুতেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন সেঞ্চুরিয়ান মাসুদ।

