স্পোর্টস ডেস্ক : লুকা মডরিচে রক্ষা হল রিয়াল মাদ্রিদের। শেষ পর্যন্ত তার গোলেই গ্রানাডার বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে এই স্প্যানিশ জায়ান্ট। অতিথি হিসেবে খেলা এস্তাদিও লস কার্মেনেসে রোববার রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে এই জয়ে শিরোপা দৌড়ে টিকে থাকল জিনেদিন জিদানের শিষ্যরা।
স্প্যানিশ লা লিগায় ২৩ ম্যাচে এখন রিয়ালের পয়েন্ট ৫০। দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের অর্জন সমান ম্যাচে ৫১ পয়েন্ট। আর এক ম্যাচ কম খেলে বার্সার পয়েন্ট ৫৪।
রিয়াল মাদ্রিদ অবশ্য প্রথমার্ধেই এগিয়ে যায় করিম বেনজেমার গোলে। খেলার ৩০ মিনিটে বেনজেমা গোল করেন। তবে ৬০ মিনিটে গ্রানাডার পক্ষে ইউসেফ আল-আরাবি গোল করে ম্যাচে সমতা ফেরান। এতে পয়েন্ট খোয়ানোর শঙ্কায় পড়ে রিয়াল। শেষ পর্যন্ত ম্যাচের পাঁচ মিনিট বাকি থাকতে লুকা মডরিচ গোল করে সেই শঙ্কা থেকে রিয়ালকে রক্ষা করেন। এতে পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে সক্ষম হয় তারা।
দানি কারভাজালের লো ক্রসে পাওয়া বলে গোলের সূচনা করেন রিয়ালের করিম বেনজেমা। বেনজেমার এটি চলতি মৌসুমে ২৩তম গোল। শেষ ছয় ম্যাচেই তিনি আট গোল করেছেন। এরপরও যখন পয়েন্ট খোয়ানোর শঙ্কায় ছিল রিয়াল, তখন হাল ধরেন মডরিচ। তার গোলেই জিদানের অধীনে প্রথম কোনো অ্যাওয়ে ম্যাচে জয়ের দেখা পেল দলটি। বেনজেমা-মডরিচ গোল করলেও এবারও অ্যাওয়ে ম্যাচে নিস্প্রভ পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদো নভেম্বরের শেষে সর্বশেষ অ্যাওয়ে গোল করেন।
গ্রানাডা হারলেও দলটির স্কোরার এল-আরাবিয়া চলতি মৌসুমে ষষ্ঠ গোল করেছেন। যেটি লা লিগার ইতিহাসে দলটির কোনো ফুটবলারের সেরা সাফল্য। গ্রানাডা শেষ চারটি লিগ ম্যাচের তিনটিতেই হেরেছে। গত মৌসুমে তারা রিয়ালের বিপক্ষে দুটি লিগ ম্যাচেই ১৩ গোল হজম করেছিল। সেখানে ২-১ গোলের হারটা লড়াকু ম্যাচই বলতে হবে।

