স্পোর্টস ডেস্ক : নিশ্চিত জয়ই পেতে চলেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। নির্ধারিত ৯০ মিনিট অবধি ১-০তে এগিয়ে ছিল রেডডেভিলসরা। তবে স্ট্যামফোর্ড ব্রিজের নীরবতা ভেঙ্গে চেলসি শিবিরে স্বস্তি বয়ে আনলেন দিয়েগো কস্তা। অতিরিক্ত সময়ে তার করা গোলে হারতে যাওয়া ম্যাচে ম্যানইউর সঙ্গে ড্র করেছে স্বাগতিক চেলসি (১-১)।
ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার রাতের এমন নাটকীয়তায় খুশি যেমন চেলসি কোচ গাস হিডিংক, তেমনি জয় না পাওয়াতে হতাশ ম্যানইউ কোচ লুই ফন গাল। তবে এই রাতে ঠিকই জয় পেয়েছে আর্সেনাল। বার্নমাউথকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে গানার শিবির।
স্টামফোর্ড ব্রিজে চেলসি-ম্যানইউ মহারণ ছিল দেখার মতো। ছিল আক্রমণ-পাল্টা আক্রমণ। তবে প্রথমার্ধে গোল পায়নি কোন দলই। কিন্তু দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে লিগার্ডের গোলে এগিয়ে যায় ম্যানইউ (১-০)। শুরু হয় চেলসির গোল শোধের চেষ্টা।
নির্ধারিত ৯০ মিনিট শেষ হয় ১-০ ব্যবধানেই। তবে অতিরিক্ত সময়ে দিয়েগো কস্তার গোলে ড্র করে মাঠে ছাড়ে চেলসি। ২৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তালিকায় ১৩তম স্থানেই রয়েছে চেলসি। সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তালিকায় পঞ্চম স্থানেই রয়েছেই ম্যানইউ।
অন্যদিকে বার্নমাউথের মাঠে ২৩ মিনিটে ওজিলের গোল লিড নেয় আর্সেনাল। এক মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন অক্সলেড চ্যাম্বারলিন (২-০)। শেষ অবধি ২-০ গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। এই জয়ে ম্যানসিটিকে পেছনে ফেলে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে আসল আর্সেনাল। ২৫ ম্যাচে ৪৮ পয়েন্ট তাদের। সমান ৪৮ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে রয়েছে টটেনহ্যাম। আর ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে লেস্টার সিটি।

