ঢাকাMonday , 8 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এডিপি বাস্তবায়নে সক্ষমতা বাড়াতে হবে

Link Copied!

kamalনিজস্ব প্রতিবেদক : পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার সাত বছরে ২১ হাজার কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে বর্তমান অর্থবছরে ১ লাখ ৩০০ কোটি টাকায় উন্নীত হয়েছে। বিশাল বাজেটের এডিপির বাস্তবায়নে সক্ষমতা বাড়াতে হবে। টিমওয়ার্কের মাধ্যমে আমাদের টেকসই সক্ষমতা গড়ে তুলতে হবে।’

রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘টেকসই উন্নয়নের জন্য গুণগত প্রকৌশল’ বিষয়ক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের ৫৬তম কনভেনশন উপলক্ষে এ সেমিনারের আয়োজন করে আইইবি।

মন্ত্রী বলেন, ‘আমাদের সামনে অগ্রগতির বিদ্যমান সুযোগ কাজে লাগাতে হবে। সুযোগ বারবার আসে না। সুযোগ কাজে লাগাতে পারলে ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের ২৩তম অর্থনৈতিক শক্তিশালী দেশ হিসেবে গড়ে উঠবে।’

তিনি বলেন, ‘প্রকৌশলীরা হচ্ছেন স্বপ্ন বাস্তবায়নের কারিগর। কোনো কিছু অর্জন করতে হলে প্রথমে লক্ষ্য নির্ধারণ করতে হবে। গোটা জাতি আপনাদের দিকে চেয়ে আছে। দেশে বিনিয়োগ আকৃষ্ট করতে অবকাঠামো বিশেষ করে রাজধানীর ট্রাফিক জ্যাম ও গণপরিবহণসহ বিদ্যমান বিভিন্ন বিষয়ে সবাইকে উদ্যোগী হতে হবে। প্রয়োজনে এক সঙ্গে বসে সঠিক পরিকল্পনা প্রণয়ন করতে হবে।’

তিনি আরো বলেন, ‘সময়ের বিবর্তনে পৃথিবীর অনেক কিছুই বদলে যায়। অনেক কিছু বদলাতে হয়। একটা সময় ২০ জন মানুষের মুখের আহার যোগাতে ১৯ জন মানুষকে শ্রম দিতে হতো। সেদিন পাল্টে গেছে।’

ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় ভূপৃষ্টের পানি বিশেষ করে বৃষ্টির পানি কাজে লাগানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘পরবর্তী প্রজন্মের জন্য দেশকে উপযোগী করে যাওয়ার অঙ্গীকার নিয়ে প্রকৌশলীদের উদ্ভাবনী কার্যক্রম বাড়াতে হবে।’