বিনোদন প্রতিবেদক : টিভি পর্দায় নতুন ধারাবাহিক নিয়ে আসছেন মোশাররফ করিম। আহসান আলমগীরের রচনায় ‘ঝামেলা আনলিমিটেড’ নামের নতুন এ ধারাবাহিকটি নির্মাণ করছেন শামীম জামান।
নাটকের গল্পে দেখা যাবে, রহমান সাহেবের দোতলা বাড়ি। উপর তলায় তিনি থাকেন আর নিচ তলা ভাড়া দেয়া। রহমান সাহেব নিঃসন্তান হওয়ার কারণে পরিচিত জনদের সন্তানদের প্রতি তার অন্য রকম ভালোবাসা কাজ করে। তাই গ্রামের বাড়ির কেউ ঢাকায় এসে থাকার প্রয়োজন হলেই সবার আশ্রয়স্থল হয় রহমান সাহেবের বাড়ি। আর এস নিয়ে বেজায় বিরক্ত তার স্ত্রী।
ইদানিং এমন অবস্থা হয়েছে-এ বাড়িতে যেই আশ্রয় নেয় তিনি আর বাড়ি ছেড়ে যেতে চান না। খুঁটি গেড়ে বসে থাকেন। অনেকে যাওয়া-আসার মধ্যে থাকেন। তবে এদের মধ্যে সবুজ, প্রণব, গোধূলী এবং অন্যরা প্রায় স্থায়ী হয়ে গেছেন। এরা কেউই আপনজন নন, লতায়-পাতায় আত্মীয়।
নাটকটিতে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করছেন সাদিয়া জাহান প্রভা। এছাড়াও রয়েছেন মামুনুর রশীদ, আ খ ম হাসান, ফারুক আহমেদ, ওয়াহিদা মল্লিক জলি, সনিয়া হোসেন, তারেক স্বপন, ফজলুর রহমান বাবু, কল্যাণ কোরাইসি, সঞ্জীব আহাম্মেদ, আমানুল হক হেলাল প্রমুখ।
‘ঝামেলা আনলিমিটেড’ শিরোনামের ধারাবাহিক নাটকটি শিগগিরই স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচার শুরু হবে।

