বিনোদন ডেস্ক : এশা দেওল, ঐশ্বরিয়া রাই বচ্চন এবং ক্যাটরিনা কাইফের পর এবার ‘ধুম’ বালিকা’ হিসেবে পর্দায় হাজির হতে চলেছেন পরিনিতি চোপড়া। শনিবার এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এই নায়িকা এমন কথাই জানান।
২০১৫ সালে একটি বারের জন্যেও পর্দায় দেখা মিলেনি পরিনিতি চোপড়ার। কারণ হিসেবে তিনি দাবি করেছেন মনের মতো চিত্রনাট্যের অভাবকে। তবে সমালোচকরা বলেন ২০১৪ সালে পরিণিতির মুক্তিপ্রাপ্ত তিনটি ছবির মধ্যে ‘হাসি তো ফাসি’ ব্যাতীত বাকি দুটি ছবি দর্শক একেবারেই গ্রহণ করেনি। আর একারণে নির্মাতারাও তার দিক থেকে মুখ ফিরিয়ে নেন।
কিন্তু হাল ছাড়ার পাত্রি নন পরিনিতি চোপড়া। তাই গেল বছরের শেষ দিকে শরীর থেকে বাড়তি মেদ ঝরিয়ে একেবারে নতুন রূপে সবার সামনে আসেন। ফলশ্রুতিতে অনেকেই তখন বলাবলি করতে থাকেন, ‘ধুম ফোর’ এর জন্যই তার এমন রূপ ধারণ।
এদিকে শনিবার সবার ধারণাকে সত্যি করে এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকার পরিনিতি বলেন, ‘এতেদিন যে চিত্রনাট্য খুঁজছিলাম তার এখন আমার হাতে। ‘
বলে রাখা ভালো ‘ধুম’ সিরিজের প্রযোজক আদিত্য চোপড়া জানিয়েছেন শিগগিরই আনুষ্ঠানিকভাবে সিনেমার অভিনেতা-অভিনেত্রীদের নাম ঘোষণা করা হবে।

