স্পোর্টস ডেস্ক : সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ম্যানচেস্টার সিটিরই কোচ হলেন গার্দিওলা। ২০১৬-১৭ মৌসুমে সিটির ডাগআউটে দেখা যাবে তাকে। চলতি বছরের জুনে ম্যানচেস্টারের এই ক্লাবটির দায়িত্ব বুঝে নেবেন ৪৫ বছর বয়সী এই স্প্যানিশ কোচ। সম্প্রতি গুঞ্জনটি বেশ চাউর হয়েছে, গার্দিওলা সিটিতে যোগ দিলে তার প্রথম চুক্তিবদ্ধ ফুটবলার হবেন নেইমার। বার্সা ছেড়ে তাহলে ইংলিশ ক্লাবটিতে যোগ দেবেন ব্রাজিলের অধিনায়ক? এমনটা ঘটলে বিস্মিত হবেন না আরেক ব্রাজিলিয়ান রোনালদিনহো।
সাবেক বার্সেলোনা তারকা রোনালদিনহো মনে করেন, গার্দিওলার অধীনে খেলতে আগ্রহী নেইমার। আগামী মৌসুমে ম্যানটিসির কোচের দায়িত্ব নেবেন গার্দিওলা। তাই ম্যানসিটি চাইলেই নাকি ২৪ বছর বয়সী নেইমারকে পেয়ে যাবে!
দু’বার বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহো ‘ডেইলি মিরর’কে বলেন, ‘এ কথা সবারই জানা যে আগামী মৌসুমে সিটির দায়িত্ব নেবেন গার্দিওলা। আর স্প্যানিশ কোচের অধীনে খেলার ইচ্ছা রয়েছে নেইমারের। যদি নেইমার সিটিতে খেলতে চায়, আর সিটি তাকে চায়। তাহলে আগামীতে ম্যানচেস্টারের এই ক্লাবটিতে দেখা যেতে পারে নেইমারকে। নেইমারকে দলে ভেড়ানোর ক্ষমতা শুধু সিটিরই আছে!’
ইউরোপের সেরা ক্লাবগুলোর মধ্যে ম্যানসিটি অন্যতম। এখানে নেইমারকে দেখলে অবাক হবেন না রোনালদিনহো। পাশাপাশি স্বদেশী নেইমারকে আপাতত বার্সা না ছাড়তে পরামর্শ দিচ্ছেন তিনি, ‘সম্প্রতি নেইমারের ভবিষ্যত নিয়ে কথা হচ্ছে। আমি মনে করি, তার রিয়াল মাদ্রিদে যাওয়ার গুজবটি মিথ্যা। আমি তাকে বলব, আগামী কয়েক বছরে সে যেন বার্সা না ছাড়ে। কিন্তু ক্লাবটির সঙ্গে সমঝোতা হলে ইংলিশ ক্লাবটিতে দেখা যেতে পারে নেইমারকে।’

