স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজের প্রথম ম্যাচে ফিফটির দেখা পেয়েছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। পেশোয়ার জালমির জার্সিতে তামিম করেছেন ৫১ রান। ৫১ বলে ৩টি চার ও ১টি ছক্কায় তামিম তার ইনিংসটি সাজান।
৫০ বলে ফিফটি তুলে নেন তামিম, যা তার টি-টোয়েন্টির মন্থরতম ফিফটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৪৫ বলেও ফিফটি ছুঁয়েছেন তামিম। ঘরোয়া ক্রিকেটেও এর থেকে দ্রুত ফিফটির রেকর্ড আছে তামিমের।
তবে শুক্রবার পিএসএলে নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারে সবচেয়ে বেশি বল খেলে ফিফটির স্বাদ পেয়েছেন বাংলাদেশের এ তারকা।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নেমে শুরু থেকেই ধীরগতিতে ব্যাটিং করতে থাকেন তামিম। প্রথম বলে রানের খাতা খুললেও পরের রানের জন্য পঞ্চম বল পর্যন্ত অপেক্ষা করতে হয় বাঁহাতি এ ওপেনারকে।
ইনিংসে নিজের মোকাবেলা করা ২৬তম বলে দেখা পান প্রথম বাউন্ডারির। আজহার জাইদির বলে এগিয়ে এসে লং অফ দিয়ে চার তামিম। ঠিক তার পরের বলেই লং অফ দিয়ে ছক্কা হাঁকিয়ে স্বরূপে ফেরেন। পরের দুটি বাউন্ডারির জন্য তামিমকে অপেক্ষা করতে হয় ৪৪ বল পর্যন্ত। শেন ওয়াটসনের পরপর দুই বলে দুটি বাউন্ডারি মারেন।
তামিমের ৫১ বলের ইনিংসে ছিল ২০টি ডট বল। ১ রান নিয়েছেন ২১টি। ইসলামাবাদ ইউনাইটেডের বাঁহাতি পেসার রুম্মান রাইসকে খেলতে বেশ সমস্যা হচ্ছিল তামিম। সবচেয়ে বেশি ডট বল খেলেছেন তার বলেই। রুম্মানের করা ১৪ বলে মাত্র ৭ রান নেন। ডট বল খেলেন ৮টি। আন্দ্রে রাসেলের বলে লেগ সাইডে উঠিয়ে মারতে গিয়ে শেন ওয়াটসনের তালুবন্দি হন তামিম।
ধীর গতিতে ব্যাটিং করলেও তামিমের ৫১ রানের ইনিংসের সুবাদে পেশোয়ার জালমি ১৪৫ রানের পুঁজি পায়। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ করে রান করেন শহীদ ইউসুফ ও শহীদ আফ্রিদি। পরে ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ আসঘারের দারুণ বোলিংয়ে ২৪ রানের জয় পায় পেশোয়ার।

