অর্থনৈতিক প্রতিবেদক : ইসলামী বন্ডে বিনিয়োগকে গতিশীল করতে নতুন ব্যবস্থা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। ইসলামী বন্ড সিস্টেম (আইবিএস) নামে প্রবর্তিত এ ব্যবস্থার মাধ্যমে বন্ডের নিলামসহ যাবতীয় কাজ অনলাইনে সম্পন্ন করা যাবে।
বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে জারিকৃত সার্কুলারে এ ব্যবস্থা চালুর কথা জানানো হয়।
এতে বলা হয়, সরকারি ইসলামি বিনিয়োগ বন্ডের (ইসলামি বন্ড) বিনিয়োগ কার্যক্রমকে গতিশীল ও আধুনিক করার লক্ষ্যে ইসলামি বন্ড সিস্টেম (আইবিএস) প্রবর্তন করেছে বাংলাদেশ ব্যাংক।
এ সিস্টেমে ইসলামি বন্ডের ডিপোজিটরি, নিলামে বিড দাখিলের জন্য অনলাইন প্লাটফরম, ইসলামি বন্ড ইস্যু, মেয়াদপূর্তিতে আসল পরিশোধ, মুনাফা বন্টন এবং ইসলামী বন্ড ফান্ড হতে তহবিল গ্রহণের সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে। এ সিস্টেমের মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ ইসলামী বন্ড ক্রয় ও বন্ড ফান্ড হতে তহবিল গ্রহণ সম্পর্কিত কার্যক্রম সম্পাদন করতে পারবে।
সার্কুলারে আরও বলা হয়, আইবিএস ডিপোজিটরিতে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রদত্ত ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ আইডেন্টিফিকেশন নাম্বার (আইএসআইএন) অনুসারে সকল ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও অন্যান্য বিনিয়োগকারীদের ধারণকৃত স্থিতি সংরক্ষিত থাকবে।
আইবিএস চালুর বিষয়ে বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এ ব্যবস্থা চালুর ফলে ইসলামি বন্ডের নিলামে অংশ নেয়াসহ যাবতীয় কাজ অনলাইনে সম্পন্ন করা যাবে। আাগে এটা কিছু কিছু ক্ষেত্রে ই-মেইলে সম্পাদন করা হতো।
তিনি আরও বলেন, আইবিএস চালুর মাধ্যমে পুরো ব্যবস্থাকে ডিজিটালাইজড করা হয়েছে। এর ফলে এখন আর কোনো কাগজ ব্যবহারের প্রয়োজন পড়বে না।
সার্কুলারে জানানো হয়, এ সিস্টেম ব্যবহারের নির্দেশিকা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হতে সংগ্রহ করা যাবে।

