স্পোর্টস ডেস্ক : হোসে মরিনহো চলে গেলেও চেলসির ভাগ্য যেন ফিরছেই না। গাস হিডিঙ্কের অধীনেও চেলসি পুরনো রূপ খুব একটা খোঁজে পাচ্ছে না। যদিও হিডিঙ্কের চেলসি এখনো নয় ম্যাচের কোনোটিতে হারেনি। তথাপি ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডের মতো দলের বিপক্ষে পয়েন্ট হারানোটা তাদের জন্য হতাশারই বটে। দিয়েগো কস্তা ও অস্কাররা গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। তাই গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে দলটিকে।
এর আগের ম্যাচে এফএ কাপে এমকে ডনসকে ৫-১ গোলে হারায় চেলসি। যেই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন ব্রাজিলিয়ান তারকা অস্কার। কস্তার দেয়া বলে শুরুর দিকেই গোলের সুযোগ মিস করে চেলসি। শুরু থেকেই চেলসি বল নিয়ন্ত্রণে এগিয়ে থাকে। তবে কোনো দলই আধঘণ্টা পর্যন্ত সেই অর্থে গোলের কোনো সুযোগ তৈরি করতে পারেননি। পরে কিছু সুযোগ পেলেও ম্যাচের শেষ পর্যন্তই অবশ্য গোল খরা থেকে যায়। যে কারণে কোনো দলই নির্ধারিত সময়ে গোলের দেখা পায়নি।
যদিও এর আগে দুদলের ১০ বারের মুখোমুখি সাক্ষাতে সাতটি জয় লেখা চেলসির নামের পাশেই। আর তিনটি ম্যাচ ড্র হয়। এবার অবশ্য পয়েন্ট তালিকায় চেলসির থেকে বেশ এগিয়েই রয়েছে ওয়াটফোর্ড। কারণ ২৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে চেলসির অবস্থান ১৩ নম্বরে। অপরদিকে সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে ওয়াটফোর্ড রয়েছে নবম স্থানে।
ম্যাচে হলুদ কার্ড পান কস্তা। ২০১৪ সালে চেলসিতে যোগ দেয়ার পর ১৫টি হলুদ কার্ড পেলেন তিনি। একই সময়ে অন্য যে কোনো স্ট্রাইকার অন্তত চারটি কার্ড কম পেয়েছেন।

