অর্থনৈতিক প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০১৫ সালের ডিসেম্বরের তুলনায় চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে রাজস্ব আদায়ের পরিমাণ বেড়েছে। একমাসের ব্যবধানে ডিএসই থেকে সরকারের রাজস্ব আদায় বেড়েছে ৪ কোটি ৪৭ লাখ ৫৪ হাজার ৮১৫ টাকা বা ২৮ দশমিক ৮০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসে ডিএসইতে রাজস্ব আদায় হয়েছে ১৫ কোটি ৫৪ লাখ ১৫ হাজার ৮৭ টাকা। গত ডিসেম্বরে ডিএসইতে রাজস্ব আদায় হয়েছিল ১১ কোটি ৬ লাখ ৬০ হাজার ২৭২ টাকা।। অর্থাৎ এক মাসের ব্যবধানে রাজস্ব আদায় বেড়েছে ৪ কোটি ৪৭ লাখ ৫৪ হাজার ৮১৫ টাকা।
শেয়ারবাজার থেকে সরকার দুই ভাবে রাজস্ব সংগ্রহ করে। এর মধ্যে একদিকে ব্রোকারেজ হাউজগুলোর কাছ থেকে অপরদিকে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রি থেকে রাজস্ব সংগ্রহ করে।
জানা গেছে, জানুয়ারিতে ডিএসইর সদস্য প্রতিষ্ঠানগুলো থেকে ১১ কোটি ৩৪ লাখ ৯৬ হাজার ৩০৭ টাকা রাজস্ব আদায় করেছে সরকার। এর আগে ডিসেম্বর মাসে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৯ কোটি ১৬ লাখ ১১ হাজার ৯৬২ টাকা। সেই তুলনায় জানুয়ারিতে সদস্য প্রতিষ্ঠান থেকে রাজস্ব আদায় বেড়েছে ২ কোটি ১৮ লাখ ৮৪ হাজার ৩৪৫ টাকা বা ১৯ দশমিক ২৮ শতাংশ।
উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে জানুয়ারিতে রাজস্ব আদায়ের পরিমাণ ৪ কোটি ১৯ লাখ ১৮ হাজার ৭৮০ টাকা। যা ডিসেম্বরের তুলনায় ২ কোটি ২৮ লাখ ৭০ হাজার ৪৭০ টাকা বা ৫৪ দশমিক ৫৬ শতাংশ বেশি। ডিসেম্বরে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ১ কোটি ৯০ লাখ ৪৮ হাজার ৩১০ টাকা।

