স্পোর্টস ডেস্ক : পাঁচ বার ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। বার্সেলোনার হয়ে বেশ কয়েকবার মেতেছেন শিরোপা জয়ের উল্লাসে। এতে আত্মতৃপ্তিতে ভুগতে চান না আর্জেন্টিনার অধিনায়ক। ক্যারিয়ারের সবকিছুই জেতার প্রয়াস বিশ্বসেরা এই ফুটবলারের। লা মাসিয়ায় বার্সার তরুণ ফুটবলারদের এমন বার্তাই দিলেন মেসি।
কাতালানে ন্যু ক্যাম্পের খুব কাছে অবস্থিত লা মাসিয়া। সেখানে বার্সার তরুণ ফুটবলারদের ট্রেনিং ক্যাম্প রয়েছে। এক সময় মেসিও সেখানে অনুশীলন করতেন। সম্প্রতি পুরানো সেই ক্যাম্পে যান বার্সা সুপারস্টার। নিজ ক্লাবের অনুজদের অনুপ্রাণিত করতে মেসি ছুটে যান লা মাসিয়ায়। কাতালান ক্লাবটির তরুণ ফুটবলারদের প্রেরণা যোগাতে মেসি বলেন, ‘আমি সবকিছু জিততে চাই। অনেক শিরোপা ইতিমধ্যে আমরা জিতেছি। ওসব নিয়ে আত্মতৃপ্তিতে ভুগতে চাই না। জিততে হবে আরো অনেক ট্রফি।’
এদিন লা মাসিয়ায় মেসির সঙ্গে মন খুলে কথা বলার সৌভাগ্য হয়েছে বার্সার তরুণদের। বার্সার অনূর্ধ্ব-১০ দলের অধিনায়ক পাও যেমন মেসিকে বলেছে, ‘হায়, আমি পাও। বার্সার অনূর্ধ্ব-১০ দলের নেতৃত্বে রয়েছি। আমি আমার দলের কথা আপনাকে জানাতে চাই। আজ যেমন আমার সৌভাগ্য হলো, তেমনি আপনার সঙ্গে দেখার ইচ্ছা আমার টিমের বাকি খেলোয়াড়দেরও।’

