স্পোর্টস ডেস্ক : আট বছর আগে এসি মিলানে যোগ দেন আলেকজান্দ্রে পাতো। ইতালির ক্লাবটিতে কাটিয়েছেন পাঁচটি মৌসুম। কিন্তু সেখানে নিজেকে অতটা মেলে ধরতে পারেননি। ২০১৩ সালে ইতালির ক্লাব ছেড়ে পাড়ি জমান নিজ দেশ ব্রাজিলের ক্লাব করিন্থিয়ান্সে। এরপর ধারে সাও পাওলোর হয়ে খেলেছেন তিন বছর।
নিজ দেশে গিয়ে ছন্দ ফিরে পান পাতো। আর তাতে চরম বিপর্যয়ের মধ্য দিয়ে সময় পার করা চেলসির নজরে আসেন ২৬ বছর বয়সী এই ফুটবলার। ৭ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে এক বছরের জন্য ধারে ব্রাজিলিয়ান এই তারকাকে দলে ভিড়িয়েছে চেলসি। ব্লুজদের হয়ে খেলবেন ২০১৫-১৬ মৌসুম।
চেলসিতে নাম লেখাতে পেরে নিজেকে ধন্য মনে করছেন পাতো। ব্যাপারটা তার কাছে স্বপ্ন পূরণের মতোই। পাতোর ভাষায়, ‘চেলসিতে নাম লেখাতে পেরে আমি আনন্দিত। এটা আমার কাছে স্বপ্নের মতোই। আমি সতীর্থদের সঙ্গে মাঠে নামার অপেক্ষায় রয়েছি। আমি চেলসির সমর্থকদের ধন্যবাদ জানাই। আশা করি, ভক্তদের আস্থার প্রতিদান দিতে পাবর আমি।’
ব্রাজিলের হয়ে ২৭টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন পাতো। দেশের জার্সিতে খেলে নামের পাশে যোগ করেছেন ১০ গোল। ইউরোপে নিস্প্রভ থাকার পর ২০১৩ সালে ব্রাজিলে ফিরে ১৫০ ম্যাচে করেছেন ৬৩ গোল। চেলসিতে এবার নিজেকে প্রমাণ করতে চাইবেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

