আবুল হায়াত বাচ্চু, সাভার : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আশুলিয়ার দত্তপাড়া স্থায়ী ক্যাম্পাসে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-তে ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুরো ক্যাম্পাস বর্নীল সাজে সাজানো হয়। আজ শনিবার বেলা ১১টায় আশুলিয়ার দত্তপাড়ায় বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে এই আয়োজন করা হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক।
আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন-বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম, ট্রেজারার হামিদুল হক খান, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর এস এম মাহাবুবুল হক মজুমদার, বানিজ্য ও অর্থনীতি অনুষদের ডীন প্রফেসর রফিকুল ইসলাম, প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর এম সামছুল আলম, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর এ এম এম হামিদুর রহমান, রেজিষ্ট্রার প্রফেসর ড. প্রকৌশলী এ কে এম ফজলুল হক ও চতুর্দশ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ও পরিচালক (স্থায়ী ক্যাম্পাস) ড. মোস্তফা কামাল।
দিনব্যাপী আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্যে ছিল বাস র্যালি, আলোচনা অনুষ্ঠান, বৃক্ষরোপন, বনভোজন, সেলিব্রেটি শো, খেলাধূলা, ফান ইভেন্টস, র্যাফেল ড্র, এবং জনপ্রিয় ব্যান্ডদল মাইলসের লাইভ কনসার্ট। ১৭ হাজার শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাসহ ৩৫০টি বাসের র্যালি মানিক মিয়া এভিনিউ থেকে সকাল ৭টায় আশুলিয়ার স্থায়ী ক্যাম্পাসে এসে মিলিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের দেশ যদি স্বাধীন না হতো তাহলে আমরা আজ এই শিক্ষা ব্যবস্থার সুযোগ পেতাম না। দেশ স্বাধীন হয়েছে বলেই আজ আমরা উচ্চ শিক্ষার সুযোগ পাচ্ছি। এছাড়া তিনি উচ্চ শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ড্যাফোডিল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্যদের ধন্যবাদ জানান।

