বিনোদন ডেস্ক : দেশি তারকা শিল্পীদের সাথে ঢাকা মাতাতে প্রথমবারের মত বাংলাদেশে আসছেন গ্র্যামি ও ব্রিট পুরস্কার জয়ী বিশ্বখ্যাত ব্রিটিশ পপস্টার জোস স্টোন। লাইভ স্কয়ার এন্টারটেইনমেন্টের আয়োজনে এই বিশ্বখ্যাত শিল্পীর সাথে একই মঞ্চে গাইবে অর্ণব, জন কবির, রাফা এবং এলিটার মত জনপ্রিয় দেশসেরা শিল্পীরা।
জানা গেছে, সারা বিশে প্রায় এক কোটি ২০ লাখের বেশি অ্যালবাম বিক্রি হয়েছে পপস্টার জোস স্টোনের। মাইক জাগার, ডেভ স্টুয়ার্ট, ড্যামিয়ান ম্যারলে এবং এ আর রহমানের মতো সংগীত শিল্পীদের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করেছেন তিনি। ব্রিটেনের অনুর্ধ্ব ৩০ বছর বয়সী পপ সঙ্গীত শিল্পীদের মধ্যে সেরা পাঁচ জনের তালিকায় রয়েছেন স্টোন। আর এমন খ্যাতি নিয়েই আসছে ২০ ফেব্রুয়ারি ঢাকায়র মঞ্চ মাতাবেন তিনি।
পপ রিপাবলিকের সারা বিশে পপ সঙ্গীতকে ছড়িয়ে দেয়ার প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশে আসছেন বলে জানা গেছে। বসুন্ধরায় আন্তর্জাতিক কনভেনশন সিটির ‘নবরাত্রি’ হলে দেশের জনপ্রিয় শিল্পী অর্ণব, রাফা, জন কবির, এলিটা, মিনার এবং আরমিনার সঙ্গে পারফর্ম করবেন ব্রিটিশ এই তারকা শিল্পী।
আয়োজক সূত্রে জানা গেছে, আসছে ১৯ ফেব্রুয়ারি দেশের সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলন করবেন স্টোন।
উল্লেখ্য, জোস স্টোনের প্রথম অ্যালবামের নাম ‘দ্য সোল সেশনস’। ২০০৩ সালে প্রকাশিত নিজের প্রথম অ্যালবামে দিয়েই পুরো বিশ্বে আলোচনায় আসেন তিনি। এরমাত্র দুই বছর পর ২০০৫ সালে গ্র্যামিতে তিন বিভাগে নমিনেশন পান স্টোন। সে বছরই যুক্তরাজ্যের ‘ব্রিট’ অ্যাওয়ার্ডেও মনোনয়ন পান তিন বিভাগে এবং দুটি পুরস্কার জিতে নেন। ২০০৭ সালে জেতেন সঙ্গীতে অস্কার খ্যাত ‘গ্র্যামি অ্যাওয়ার্ড’।

