স্পোর্টস ডেস্ক : শক্তির বিচারে ফিজি অনূর্ধ্ব-১৯ দলের চেয়ে অনেকাংশে এগিয়ে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দল। তাই বলে যুব বিশ্বকাপে মাত্র ৮১ রানে গুটিয়ে যাবে ফিজির ইনিংস? পার্থক্যটা বুঝালেন জিম্বাবুয়ের বোলার ওয়েসলি ম্যাডেভার। তিনি একাই ভেঙেছেন ফিজির পাঁচটি উইকেট। তার বোলিং নৈপূণ্যে জিম্বাবুয়ের কাছে পাত্তাই পেল না ফিজি। চট্টগামের এমএ আজিজ স্টেডিয়ামে শুক্রবার ফিজিকে ৭ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে।
৮২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে জিম্বাবুয়ে হারিয়েছে মাত্র ৩টি উইকেট। জয়ের বন্দরে পৌঁছে যায় মাত্র ১৮.৫ ওভারেই। ফিজির বোলার ব্যালেসিকোবিয়ার শিকার হয়ে সাজঘরে ফেরেন শন স্নাইডার(৭), রায়ান মারে(৮)। জেরিমি ইভিসকে(২৩) প্যাভিলিয়নের পথ দেখান টি ভিটাসিনি। জিম্বাবুয়েকে জিতিয়ে মাঠ ছাড়েন ব্রেন্ডন সিলি (১৯) ও উইলিয়াম মাশিঙ্গে (৪)।
এর আগে ফিজি ব্যাট করতে পেয়েছে ২৭.৪ ওভার। তাদের পক্ষে সর্বোচ্চ ১৭ রান করেন একজন বোলার, সাকাসাকা তিকুইসুভা। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান করেন জর্ডান ডানহাম। ১৪ রান করেন টি ভিটাসিনি। বাকি ব্যাটসম্যানরা ছুঁতে পারেননি দুই অঙ্ক। জিম্বাবুয়ের হয়ে ২৪ রান খরচায় ৫ উইকেট নেন ওয়েসলি ম্যাডেভার। ৩টি উইকেট পকেটে পুরেছেন ব্লেজিং মাভুতা। ১টি করে উইকেট নেন মাতিগিমু ও মাগারিরা।

