ঢাকাFriday , 29 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উচ্চশিক্ষার ৭০% শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের

Link Copied!

national-universityনিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন, ‘উচ্চ শিক্ষার ক্ষেত্রে দেশের ৭০ ভাগ শিক্ষার্থী এ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে শিক্ষা লাভ করছে। জাতীয় বিশ্ববিদ্যালয় না হলে এদের অনেকেই উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হতো।’
বৃহস্পতিবার বেলা ১১টায় সিনেট হলে কলেজ শিক্ষকদের প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. হারুন-অর-রশিদ বলেন, ‘প্রত্যন্ত অঞ্চলের অস্বচ্ছল পরিবারের সন্তানসহ সারদেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীর জন্য উচ্চ শিক্ষার সুযোগ তৈরি করে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সংকীর্ণ ও বিদ্বেষপূর্ণ মনোভাবের কারণে কেউ কেউ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ অতুলনীয় ও অসাধারণ ভূমিকাকে ছোট করে দেখে। যা বাস্তব ও সত্যি, তা চিরন্তন এবং সেটি উপেক্ষা করার কারো সাধ্য নেই। মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা এখন আমাদের সামনে বড় চ্যালেঞ্জ।’
কলেজগুলোতে শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরে ড. হারুন বলেন, ‘সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে শিগগিরই ১৩০ মিলিয়ন মার্কিন ডলারের একটি প্রকল্পের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। শিক্ষার মানোন্নয়নে অন্যান্য পদক্ষেপও গ্রহণ করা হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয় সময়ের ব্যবধানে উচ্চ শিক্ষার ক্ষেত্রে একটি অসাধারণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে, এতে সন্দেহ নেই।’
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. নোমান উর রশীদ ও কোর্স উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফি আহমেদ, অধ্যাপক ড. শাকের আহমেদ, ড. ইশতিয়াক এম সাইদ। অন্যান্যদের মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান এবং শিক্ষক-কর্মকর্তরা।
উল্লেখ্য, ৯৮তম শিক্ষক প্রশিক্ষণ ব্যাচের ইংরেজি, ব্যবস্থাপনা, ও পদার্থবিজ্ঞান বিষয়ে ৭৩ জন কলেজ শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।