বিনোদন ডেস্ক : ২২ জানুয়ারি ভারতসহ বিশ্বের বেশকিছু সিনেমা হলে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ছবি ‘এয়ারলিফট’। মুক্তির পঞ্চম দিনে ছবিটি ভারতের বক্স অফিসেতো বটেই, বরং মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অনেক দেশে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। এমনকি পাঁচদিনে বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে ১১২ কোটি রুপি!
জানা গেছে, রাজা কৃষ্ণ মেনন পরিচালিত জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার ও নিমরাত কৌর জুটির ছবি ‘এয়ারলিফট’ মুক্তি পেয়েছে গত ২২ জানুয়ারি শুক্রবার। মুক্তির পঞ্চম দিন ছিল ভারতের রিপাব্লিক দিবস। আর এই দিনে ছবিটি আয় করেছে ১৭.৮ কোটি রুপি। যা অক্ষয়ের যে কোনো সিনেমায় আয়ের দিক থেকে রেকর্ড! এছাড়া চতুর্থ, তৃতীয়, দ্বিতীয় ও প্রথম দিনে যথাক্রমে ছবিটি ভারতের বক্স অফিসে ১০.৪ কোটি রুপি, ১৭.৩ কোটি রুপি, ১৪.৫৬ এবং ১২.২৫ কোটি রুপি আয় করে।
শুধুমাত্র ভারতেই গত পাঁচদিনে ছবিটি আয় করেছে ৭২ কোটি রুপি। এছাড়াও ছবিটি মুক্তি পেয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজল্যান্ডসহ মধ্যপ্রাচ্যের অন্তত ৭০টি প্রেক্ষাগৃহে। দুবাই থেকে ‘এয়ারলিফট’ ছবিটি মুক্তির পাঁচ দিনে আয় করেছে প্রায় ৫কোটি রুপি। যা অক্ষয়ের ছবি হিসেবে সবচেয়ে বেশি আয় করা সিনেমা। অথচ ছবি নির্মাণে মোট খরচ হয়েছে ৪০ কোটি রুপি। মানে তিন দিনের বক্স অফিসেই নির্মাতা উঠিয়ে নিলেন নির্মাণের খরচ!
উল্লেখ্য, নব্বইয়ের দশকে কুয়েতে হামলা চালায় সাদ্দাম হোসেনের ইরাক সৈন্যরা। সে সময় যুদ্ধবিধ্বস্ত কুয়েতে আটকে পড়ে ১ লাখ ৮০ হাজার ভারতীয়। তাদের উদ্ধারে এগিয়ে আসেন রণজিৎ কাটিয়াল নামে এক প্রবাসী ভারতীয়। এরপর এয়ার ইন্ডিয়ার সহায়তায় ৪৮৮টি বিমানে দেশে ফিরিয়ে আনা হয় আটকে পড়া ভারতীয়দের। রাজা কৃষ্ণ মেনন পরিচালিত এই ছবিতে রণজিৎ কটিয়ালের চরিত্রেই অভিনয় করেছেন অক্ষয় কুমার।। অক্ষয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন নিমরাত কৌর।

