বিনোদন ডেস্ক : সকল জল্পনা কল্পনার পর অবশেষে গত ১৯ জানুয়ারি গজনি খ্যাত বলিউড অভিনেত্রী অসিনকে বিয়ে করেন মাইক্রোমেক্স প্রতিষ্ঠাতা রাহুল শর্মা। আর বিয়ের পর নতুনভাবে জীবনকে সাজাতে শুরু করেছেন সদ্য বিবাহিত এই দম্পতি। আর সে বিষয়টিই দেখা গেল সদ্য টুইটারে প্রকাশিত রাহুল শর্মার একটি ছবি দেখে!
জানা গেছে, গত ১৯ জানুয়ারি পারিবারিকভাবে বিয়ে করেন অভিনেত্রী অসিন ও রাহুল শর্মা। পাত্র-পাত্রীর ধর্মের কথা মাথায় রেখে দুই ধর্মমতে বিয়ে হয় তাদের। এরপর গত ২৩ জানুয়ারি মুম্বাইয়ে হয় তাদের বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে বন্ধু বান্ধবসহ উপস্থিত ছিলেন বলিউডের তারকা অভিনেতা-অভিনেত্রীসহ মুম্বাইয়ের বনেদি সব ব্যবসায়িরা। আর এর ঠিক দুদিন পরেই টুইটে নিজের সদ্য বিবাহিত স্ত্রীর সাথে ভালোবাসা মাখামাখি এক ছবি দিলেন রাহুল।
টুইটে পোস্ট করা ছবিতে দেখা যায় স্ত্রী অসিনকে জড়িয়ে ধরে আছেন রাহুল। এবং ক্যাপশনে লিখেন, ‘আমি হাত দিয়ে আমার পৃথিবীকে জড়িয়ে ধরে আছি!’ এমন আদুরে মাখা ছবি আর ক্যাপশন দেখে যে কেউ ভেবে নিবেন যে, বিয়ে করেই হাওয়ায় ভাসছেন অসিন-রাহুল!
উল্লেখ্য, এর আগে গত আগস্টে প্রথমবার মিডিয়ায় খবর প্রকাশ হয়েছিল যে, সংসার গড়ার স্বপ্নে বিভোর অসিন। বিয়ে করে অভিনয় জগতকেও বিদায় জানাবেন বলে সে সময় খবর প্রকাশ হয়। তেলেগু ও তামিল ভাষার জনপ্রিয় এই অভিনেত্রী আমির খানের বিপরীতে ‘গজনি’ ছবির মাধ্যমে বলিউডে পরিচিতি পান। এরপর একাধিক বলিউডের ছবিতে অভিনয় করেন তিনি। সর্বশেষ উমেশ শুক্লার ছবি ‘অল ইজ অয়েল’ ছবিতে তাকে দেখা যায়। ছবিতে অসিন ছাড়াও ছিলেন ঋষি কাপুর ও অভিষেক বচ্চন। ছবিটি বক্স অফিসে ফ্লপ করে।

