বিনোদন ডেস্ক : হালকা-পাতলা গড়নের দক্ষিণী নায়ক ধনুশের অভিনয় যারা দেখেননি, তারা হয়তো নায়ক ভাবতেই কুণ্ঠিত হন। তবে গায়ক হিসেবে ‘কোলা ভেরি ডি’ দিয়েই কোটি মানুষের হৃদয়ে ‘মেলোডি’ তুলেছেন তিনি। এবার সেই কম্পন খানিকটা ছড়াবে হলিউডেও। তাও আবার যেন তেন নয়, অভিষেকটাই ‘গাটাকা’, ‘কিল-বিল’ খ্যাত অভিনেত্রী উমা থারম্যানের সঙ্গে।
উমা ছাড়াও ছবিতে ধনুশের বিপরীতে অভিনয় করছেন আলেক্সান্দ্রা দাদ্দারিও। ছবিটি পরিচালনা করবেন মারজানে সাতরাপি।
ছবিতে ধনুশ একজন ভারতীয় জাদুকরের ভূমিকায় অভিনয় করছেন। তাকে ঘিরেই আবর্তিত হবে কাহিনি। চলতি বছরের মাঝামাঝি শুরু হচ্ছে ছবির শ্যুটিং। ভারত, ফ্রান্স, ইতালি এবং মরোক্কো-য় এই ছবির শ্যুটিং হবে। কিন্তু এত নায়ক থাকতে প্রোটাগনিস্ট জাদুকরের চরিত্রে ধনুশ কেন?
উত্তর দিয়েছেন পরিচালক। তিনি বলেন, ‘চরিত্র যখন ভারতীয়, তখন কোনও ভারতীয় অভিনেতাকেই কাস্ট করতাম। এর জন্য প্রচুর ভারতীয় সিনেমা দেখছিলাম। সে সময় ধনুশের কিছু সিনেমাও দেখি। প্রথম দেখাতেই মনে হয়েছে হি ইজ দ্য ওয়ান। এর ইন্টেলিজেন্স, কিলার স্মাইল এই চরিত্রের জন্য একেবারে পারফেক্ট। আমার দেখে মনে হয়েছে ধনুশ খুব সুন্দরভাবে এই চরিত্রটি করতে পারবেন।’
বলিউডের অনেকেই হলিউডে বেড়িয়ে এসেছেন। এরমধ্যে কেউ কেউ বেশ দাপুটেও। ইরফান খান তো কোয়ান্টিকো-র সুবাদে পিগ্গি চপস-ও মার্কিন মুলুকে সাড়া ফেলেছেন। জিতেছেন পিপলস চয়েস অ্যাওয়ার্ডও। ঐশ্বরিয়া, মল্লিকা শেরওয়াত, সবশেষে দীপিকা পাডুকোনও সেই সারিতে। এবার সেই সারিতে আরেকজন যুক্ত হবার পালা।

