স্পোর্টস ডেস্ক : ছয় বার অস্ট্রেলিয়া ওপেনের শিরোপা ঘরে তুলেছেন সেরেনা উইলিয়াস। ২০০৩, ২০০৫, ২০০৭, ২০০৯, ২০১০ ও ২০১৫ সালে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়নের খেতাব জেতেন মার্কিন এই তারকা। আরো একবার এই শিরোপা জয়ের খুব কাছাকাছি পৌঁছে গেলেন সেরেনা। এখানে সপ্তম স্বর্গে পা রাখা থেকে তিনি পিছিয়ে আছেন মাত্র এক ধাপ। বৃহস্পতিবার আগ্নিয়েস্কা রাদওয়ানস্কাকে ৬-০,৬-৪ গেমে হারিয়ে অস্ট্রেলিয়া ওপেনের ফাইনালে উঠেছেন সেরেনা।
ক্যারিয়ারে এ পর্যন্ত ২১টি গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন সেরেনা। নিজের ২২তম গ্র্যান্ডস্লামের খুব কাছে চলে যেতে পেরে দারুণ উচ্ছ্বসিত ৩৪ বছর বয়সী এই টেনিস তারকা। সেমিফাইনালে জয়ের পর তার কণ্ঠে ঝরছে উচ্ছ্বাস-ধ্বনি, ‘আমার মনের ওপর দিয়ে কিছু একটা বয়ে যাচ্ছে, তা আমি বুঝতে পারছি। এটা ভেবে অবিশ্বাস্য লাগছে যে আরো একবার অস্ট্রেলিয়া ওপেনের ফাইনালে পা রেখেছি। আমি ভাবিনি, এতটা দ্রুত সেই কাজটি করতে পারব।’
আগামী শনিবার ফাইনালে তার প্রতিপক্ষ অ্যাঞ্জেলিক কারবার ও জোহান কোন্টার মধ্যে জয়ী যে কোনো একজন। দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবেন জার্মানি ও ব্রিটেনের তারকা। ফাইনালে প্রতিপক্ষ হিসেবে যে-ই আসুক না কেন তা নিয়ে মাথা ব্যথা নেই সেরেনার। নিজের সেরা খেলাটাই উপহার দিতে মুখিয়ে আছেন তিনি, ‘অ্যাঞ্জেলিক কারবার ও জোহান কোন্টার মধ্যে কে আমার প্রতিপক্ষ হচ্ছে, তা নিয়ে ভাবছি না। ফাইনালে সেরাটা ঢেলে দেওয়াই আমার প্রধান কাজ।’

