স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ জয় দিয়েই শুরু করেছিল পাকিস্তান। কিন্তু তিন ম্যাচ সিরিজের বাকি দুটি ম্যাচে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি শহিদ আফ্রিদির দল। শেষ পর্যন্ত কিউইদের কাছে ২-১ ব্যবধানে সিরিজ বিসর্জন দেয় পাকিস্তান। টি-২০তে এমন পারফরম্যান্সে ক্ষুব্ধ পাকিস্তানের মিডিয়া। আফ্রিদিবাহিনীকে ধুয়ে ছেড়েছে তারা। এছাড়া আমির-রিয়াজ-আকমলদের সমালোচনায় মেতে ওঠেন দেশটির সাবেক ক্রিকেটাররাও।
এদিকে সতীর্থদের থেকে যতটুকু প্রত্যাশা করেছিলেন আফ্রিদি, তার পুরোটুকু পাননি! বিশেষকরে, অভিজ্ঞ দুই ক্রিকেটার আহমেদ শেহজাদ ও উমর আকমল প্রত্যাশিত পারফরম্যান্স উপহার দিতে পারেননি এই সিরিজে। দলে অনেকটা ‘থিতু’ হয়ে যাওয়া এই দুই ক্রিকেটারকে তাই সতর্কবার্তা দিয়ে রাখলেন আফ্রিদি। মঙ্গলবার পাকিস্তান দলপতি জানালেন, দল থেকে ছেটে ফেলার আগে নিজেদের প্রমাণ করতে হবে শেহজাদ-আকমলকে।
শহিদ আফ্রিদি বলেন, ‘পাকিস্তান দলে উমর আকমল ও আহমেদ শেহজাদ যতটা সুযোগ পেয়েছে, অন্যান্য খেলোয়াড়রা অতটা সুযোগ পায়নি। বলতে গেলে তাদের দেয়া সুযোগটা সর্বোচ্চ পর্যায়ের। সুতরাং সময় ফুরিয়ে যাওয়ার আগেই নিজেদের প্রমাণ করতে হবে আকমল-শেহজাদকে।’
পাশাপাশি আফ্রিদি নিজেকেও রাখলেন বিপদ সংকেতে থাকা ক্রিকেটারদের তালিকায়। অধিনায়ক হিসেবে দল যতটা প্রত্যাশা করে, ঠিক ততটুকু দিতে পারছেন কিনা, তা নিয়ে সন্দিহান আফ্রিদি। দলে টিকে থাকতে হলে নিজেকেও প্রমাণ করতে হবে বলে জানান এই অলরাউন্ডার। নিজের পারফরম্যান্সের সমালোচনা করে পাকিস্তান দলপতি আফ্রিদি বলেন, ‘দলে অধিনায়কের পারফরম্যান্সও কিন্তু বড় ব্যাপার। আমি জানি, দলের স্কোরশিটে রান যোগ করা আর প্রতিপক্ষের উইকেট ভাঙতে হবে আমাকে। পরবর্তী দুটি টুর্নামেন্টে নিজেকে মেলে ধরার অপেক্ষায় রয়েছি আমি।’
সামনে টি-২০ বিশ্বকাপ। তার আগে নিজেদের ভুলগুলো শুধরে নিতে চান আফ্রিদি, ‘যদি আমরা অতীত থেকে শিক্ষা না নিই, তাহলে বড় কোনো টুর্নামেন্টে অবশ্যই এর খেসারত দিতে হবে। ভুলগুলো শুধরে নিতে হবে। আমাদের খেলার ধরনে পরিবর্তন আনতে হবে। এছাড়া আমাদের স্কুল পর্যায়ের ক্রিকেটে আরো উন্নতি করতে হবে। সেখান থেকেই কিন্তু প্রতিভা বেরিয়ে আসছে। ক্রিকেটের ভবিষ্যতের জন্য এটা করা আমাদের সময়ের দাবি।’

