চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সাংবাদিক সমিতির কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সোমবার (২৫ জানুয়ারি) সাংবাদিক সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।
সমিতির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ সভার শুরুতে সমিতির সাবেক সহ-সভাপতি ও জ্যেষ্ঠ সদস্য মাসুদ ফরহান অভি সমিতির কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবি টাঙানোর বিষয়টি এজেন্ডাভুক্ত করার সুপারিশ করেন। পরে সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যের সম্মতিক্রমে কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবি টাঙানোর বিষয়টি গৃহীত হয়।
পাশাপাশি সমিতির সাধারণ সম্পাদক মন্ডল মোহাম্মদ আরিফ সমিতির কার্যালয়ে সাংবাদিক সমিতি প্রতিষ্ঠার পর সকল সভাপতি, সাধারণ সম্পাদকগণের ছবি টাঙানোর প্রস্তাব করলে তাও সর্বসম্মতভাবে গৃহীত হয়।
সাধারণ সভার অন্যান্য এজেন্ডাগুলোর মাঝে সাংবাদিক সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও একটি স্যুভেনিয়র প্রকাশ করার সিদ্ধান্তও গৃহীত হয়। স্যুভেনিয়রে দেশি-বিদেশি স্বনামধন্য লেখকদের লেখা থাকবে বলে নিশ্চিত করেন সাংবাদিক সমিতির সভাপতি ফারুক আব্দুল্লাহ।
উক্ত সাধারণ সভায় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি ফারুক আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক মোন্ডল মোহাম্মদ আরিফ, অর্থ সম্পাদক আব্দুস সামাদ আবীর, প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক রহমান শোয়েব, কার্যনির্বাহি সদস্য হাসান তারেক ও অন্যান্য সদস্যবৃন্দ।

