স্পোর্টস ডেস্ক : হোসে মরিনহোর অসাধারণ কোচিং দর্শনে খেলে গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তোলে চেলসি। কিন্তু এবার মৌসুমের শুরু থেকেই ভিন্ন চিত্র ক্লাবটিতে। একের পর এক হারে ব্লুজদের ব্যর্থতার জন্য বরখাস্ত হতে হয় পর্তুগিজ এই নাম্বার ওয়ান কোচকে। চাকরি হারিয়ে আপাতত কোনো ক্লাবের দায়িত্ব নিচ্ছেন না মরিনহো। তবে গুঞ্জন চলছে ইংলিশ লিগের অপর ক্লাব ম্যাচেস্টার ইউনাইটেডের পরবর্তী কোচ হওয়ার জন্য নাকি তদবির চালিয়ে যাচ্ছেন মরিনহো।
ইংলিশ গনমাধ্যম ইন্ডিপেনডেন্টের বরাত দিয়ে জানা যায় সম্প্রতি ম্যানইউ কতৃপক্ষের কাছে নাকি ছয় পৃষ্ঠার একটি চিঠি পাঠিয়েছেন মরিনহো। সেখানে জানানো হয়, ওল্ড ট্রাফোর্ডে পরবর্তী কোচ হিসেবে নিজের পরিকল্পনা, দল এবং বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে নাকি ম্যানইউ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন মরিনহো।
শনিবার ঘরের মাঠে সাউদাম্পটনের বিপক্ষে ১-০ ব্যবধানে হারে ম্যানচেস্টার ইউনাইটেড। এই হারে বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লিচেস্টার সিটির চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে রেড ডেভিলসরা।
তবে ম্যানইউকে লেখা মরিনহোর এই চিঠিকে গুজব বলে দাবী করেন হোসে মরিনহোর এজেন্ট জর্জ মেন্ডেস। ব্যক্তিগত এজেন্সি গেসটিফিউটকে মেন্ডেস জানান, ‘এটা পুরোই ভিত্তিহীন একটি গুজব। কোনো ক্লাবের চাকরির জন্য মরিনহোর মতো একজন কোচের পক্ষে এভবে চিঠি লেখা সম্ভব না। এর পুরোটাই হাস্যকর এবং ভিত্তিহীন।’

