বিনোদন ডেস্ক : নতুন অতিথি আসছে অভিনেত্রী নওশাবার ঘরে। মা হতে যাচ্ছেন এই অভিনেত্রী। এ জন্য কিছুটা অসুস্থবোধ করছেন। এমন অবস্থাতেও স্বামীকে সব সময় কাছে পান না তিনি। কারণ তার স্বামী একজন পুলিশ অফিসার। তাই নিয়মিত কাজের দায়িত্বে বাইরে থাকতে হয়। তবে ঘটনাটি বাস্তবে নয়। চলচ্চিত্রর গল্পের প্রয়োজনে এমন চরিত্রে অভিনয় করেছেন নওশাবা। গত ২২ জানুয়ারি, হাতিরঝিলের পিয়াংকা শুটিং স্পটে এমন দৃশ্যের শুটিং সম্পন্ন হয়েছে।
দীপংকর সেনগুপ্ত দীপনের নির্মিতব্য ঢাকা অ্যাটাক সিনেমায় পুলিশ অফিসারের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন নওশাবা। আর পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন এ বি এম সুমন।
এ সময় নওশাবা বলেন, ‘আমি এই প্রথম গভর্বতী মায়ের চরিত্রে অভিনয় করছি। এর আগে পতিতার চরিত্রে অভিনয় করেছি। আমি চাচ্ছি, বিভিন্ন চরিত্রে অভিনয় করতে। শুধু নায়িকা তকমা লাগিয়ে থাকতে চাচ্ছি না। সব ধরনের চরিত্রে অভিনয় করতে চাই।’
পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড নিবেদিত এ সিনেমার শুটিং গত ৮ জানুয়ারি থেকে শুরু হয়েছে। এতে নওশাবা-সুমন ছাড়াও অভিনয় করছেন চিত্রনায়ক আরিফিন শুভ, চিত্রনায়িকা মাহিয়া মাহি, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। চিত্রনাট্য লিখেছেন- পুলিশ কর্মকর্তা সানী সানোয়ার। প্রযোজনা করছে স্প্ল্যাশ মাল্টিমিডিয়া। গত ২৯ ডিসেম্বর, সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে মহরত অনুষ্ঠিত হয়।

