স্পোর্টস ডেস্ক : বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞায় রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন। ক্রিকেটে ফিরতে মরিয়া ডান হাতি এই স্পিনার। ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেরার ইচ্ছে তার। এজন্য দ্রুত বোলিং অ্যাকশন পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নারিন।
২৭ বছর বয়সি এ স্পিনার ওয়েস্ট ইন্ডিজের স্থানীয় গণমাধ্যমে বলেন, ‘আশা করছি কিছু দিনের মধ্যেই পরীক্ষা দিতে পারব। বিশ্বকাপের আগেই নিজেকে ফিরিয়ে আনতে চাই। পূর্বের মতই আমি নিজেকে নিয়ে আশাবাদী। ক্রিকেটে ফেরার জন্যে বেশ কষ্ট করছি। আশা করছি যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আবারো শুরু করতে পারব।’
আগামী ৮ মার্চ বিশ্বকাপের পর্দা উঠবে। টি-টোয়েন্টি এ যুদ্ধ শেষ হবে ৩ এপ্রিল। বিশ্বকাপের দল ঘোষণার শেষ সময় ৬ ফেব্রুয়ারি। এ সময়ের মধ্যেই সুনীল নারিনকে বৈধতার সার্টিফিকেট অর্জন করতে হবে। এ সপ্তাহের মধ্যে আইসিসির পরীক্ষাগারে না গেলে ৬ ফেব্রুয়ারির আগে ফল পাবেন না নারিন।
গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লাকেল্লেতে তৃতীয় ওয়ানডেতে নারিনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার দাবি, বল ডেলিভারির সময়ে ১৫ ডিগ্রির বেশি কনুই বেঁকে যায় নারিনের। ১৪ দিনের মধ্যে তাকে পরীক্ষা দেওয়ার কথা জানায় আইসিসি। বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়ে অবৈধ প্রমাণিত হন নারিন।
নিজের বোলিংয়ের নিষেধাজ্ঞা নিয়ে নারিন বলেন, ‘এটা এমন একটা সময় যেই সময়টাকে কোনো বোলারই দেখতে চায় না। অফিসিয়ালরা নিয়ম তৈরি করেছে। সে নিয়ম অনুযায়ী বোলারদের বোলিং করতেই হবে। আমি নিয়ম মেনে বোলিং করতে মুখিয়ে আছি। আশা করছি বিশ্বকাপের আগে কুইন্স পার্কের হয়ে দুই-একটি ম্যাচ খেলার সুযোগ পাব।’
প্রসঙ্গত নিষেধাজ্ঞার আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে চারটি ম্যাচ খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের এ স্পিনার।

