বিনোদন ডেস্ক : নায়ক রাজ রাজ্জাক। একজন কালজয়ী অভিনেতা, প্রযোজক ও পরিচালক। আজ ২৩ জানুয়ারি ৭৫ বছর বয়েসে পা রাখলেন ঢাকাই ছবির এই কিংবদন্তি। পক্ষ থেকে তাকে জন্মদিনের শুভেচ্ছা।
১৯৪২ সালের ২৩ জানুয়ারি কলকাতার টালিগঞ্জে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন এই মহান অভিনেতা। বাবা আকবর হোসেন ও মা মিরারুন্নেসার কনিষ্ঠ সন্তান আব্দুর রাজ্জাক। তার অভিনয় জীবনের শুরুটা কলকাতার মঞ্চ নাটক থেকে হয়। তিনি ১৯৬৪ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে পাড়ি জমান। প্রথমদিকে রাজ্জাক তৎকালীন পাকিস্তান টেলিভিশনে ‘ঘরোয়া’ নামের ধারাবাহিক নাটকে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয় হন। নানা প্রতিকূলতা পেরিয়ে তিনি আব্দুল জব্বার খানের সাথে সহকারী পরিচালক হিসেবে কাজ করার সুযোগ পান। সালাউদ্দিন প্রোডাকশন্সের ‘তেরো নাম্বার ফেকু অস্তাগড় লেন’ চলচ্চিত্রে ছোট একটি চরিত্রে অভিনয় করে সবার কাছে নিজ মেধার পরিচয় দেন রাজ্জাক। পরবর্তীতে ’কার বউ’, ‘ডাক বাবু’, ‘আখেরী স্টেশন’সহ আরও বেশ ক’টি ছবিতে ছোট ছোট চরিত্রে অভিনয়ও করে ফেলেন। পরে ‘বেহুলা’ চলচ্চিত্রে তিনি নায়ক হিসেবে ঢালিউডে উপস্থিত হন সদর্পে। তিনি প্রায় ৩০০টি বাংলা ও উর্দু চলচ্চিত্রে অভিনয় করেছেন। পরিচালনা করেছেন প্রায় ১৬টি চলচ্চিত্র। ১৯৯০ সাল পর্যন্ত বেশ দাপটের সাথেই ঢালিউডে সেরা নায়ক হয়ে অভিনয় করেন রাজ্জাক। জাতীয় চলচ্চিত্র আজীবন সম্মাননা পুরস্কার, মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননাসহ অর্জন করেন অসংখ্য সম্মাননা।এছাড়াাও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন তিনি।
তার জন্মদিনকে ঘিরে বরাবরের মতো এবারেও জমবে নানা আয়োজন। প্রিয় অভিনেতাকে শুভেচ্ছা জানাবেন কোটি কোটি ভক্তরা। তবে নায়কের জন্মের হীরক জয়ন্তিকে স্মরণীয় করে রাখতে তাকে নিয়ে তৈরি হল গান।
‘তোমার আলোয় পৃথিবীটা আরও রঙিল হলো, স্বপ্নের ফেরিওয়ালা তুমি স্বপ্ন প্রদীপ জ্বালো’ তোমার কাছে রয়ে গেলো, আমাদের অনেক ঋণ, আজ তোমার জন্মদিন, আজ তোমার জন্মদিন’ শিরোনামের সুর-সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। গানটিতে কন্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিত, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার এবং আখি আলমগীর। গানটির কথা লিখেছেন ওমর ফারুক।
জানা গেছে, চ্যানেল আইতে এবং বিভিন্ন রেডিওতে গানটি ২৩ জানুয়ারী প্রচার হবে।

