বিনোদন প্রতিবেদক : জমকালো আয়োজনে শেষ হলো ‘লাক্স আরটিভি স্টার এ্যাওয়ার্ড-২০১৫’। গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে বসেছিল দেশীয় তারকাদের মিলনমেলা। বছরজুড়ে আরটিভিতে প্রচারিত নাটক ও অনুষ্ঠান থেকে সেরাদের খুঁজে বের করতেই এ আয়োজন। বরাবরের মতোই এবার সৃজনশীল নাট্যকার, পরিচালক, অভিনয় শিল্পী, কণ্ঠ শিল্পী, নৃত্য শিল্পী, ব্যান্ড বিভাগসহ মোট ২৮টি ক্যাটগরিতে এ পুরষ্কার দেয়া হয়েছে। আর দেশের শিল্প ও সাংস্কৃতির বিকাশে অবদান রাখার জন্য এবারে আজীবন সম্মাননা দেয়া হয় সৈয়দ হাসান ইমাম-কে।
বিভিন্ন ক্যাটাগরিতে লাক্স আরটিভি স্টার এ্যাওয়ার্ড-২০১৫’ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আতাউর রহমান,কেরামত মওলা,আফরোজা বানু ,আজাদ রহমান, নকীব খান ,বরকতউল্লাহ, লায়লা হাসান, চিত্রনায়ক আলমগীর, চিত্রনায়ক ফারুক,এটিএম সামছুজ্জামান প্রমূখ।
অ্যাওয়ার্ড প্রদানের পাশাপাশি ছিল বাংলাদেশের নবীন-প্রবীণ খ্যাতিমান শিল্পীদের মনমাতানো নানা পরিবেশনা। অনুুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রুনা লায়লা,কুমার বিশ্বজিৎ, তাহসান। নৃত্য পরিবেশন করেন চিত্রনায়িকা পরিমনি, বিদ্যা সিনহা মীম, অপি করিম, তারিন, মেহজাবিন, সজল, মৌসুমী হামিদ, ভাবনা।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শুভেচ্ছা বক্তব্য রাখেন আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান প্রমূখ। পুরো অনুুষ্ঠানটি উপস্থাপনা করেন জাহিদ হাসান, রিচি সোলায়মান, মাহফুজ, তারিন ও মারিয়া নূর।

