স্পোর্টস ডেস্ক : আধুনিক ক্রিকেট বিশ্বের জন্য তিনি একটা ইতিহাস। কিংবদন্তি বা মহানায়ক বললেও ভুল হবে না। ভারতের শচীন টেন্ডুলকার অবসরে যাওয়ার পর দুই দশকের বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলা একমাত্র খেলোয়াড় তিনি। অথচ আট মাস মাঠের বাইরে থেকে যেতে হল অবসরে। তার নাম শিবনারায়ন চন্দরপল। ৪১ বছর বয়সী এই ওয়েস্ট ইন্ডিয়ান সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে খেলেছেন ১৬৪টি টেস্ট ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ইতিহাসে কিংবদন্তিতুল্য ক্রিকেটার তিনি। ১৯৯৪ সালে জর্জটাউনে ইংল্যান্ডের বিপক্ষে খেলেন প্রথম টেস্ট। ব্রিজটাউনে গত বছর মে মাসে সেই ইংল্যান্ডের বিপক্ষেই খেলেন সবশেষ টেস্ট। ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা থেকে টেস্টে মাত্র ৮৬ রান পেছনে ছিলেন চন্দরপল। ১১, ৮৬৭ রান করেন করেছেন টেস্টে। রান তোলার গড় ৫১ এর উপরে।
গত বছর মে মাসের পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাননি চন্দরপরল। যদিও তিনি ক্রিকেটে ফেরার আশাবাদ ব্যক্ত করেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক ক্লাইভ লিলয়েডের বিবেচনায় এর মধ্যে অনেকবারই উপেক্ষিত হয়েছেন তিনি। শুধু তাই নয়, ডিসেম্বরে বার্ষিক চুক্তিতে থাকা ১৫ ক্রিকেটারের মধ্যেও চন্দরপলকে রাখা হয়নি।
গত বছর জুনে অবশ্য চন্দরপল ইঙ্গিত দিয়েছিলেন যে ক্যারিয়ারের ইতি টানতে পারেন। তিনি বলেছিলেন, ‘আমি এখন মাঠের বাইরে। শুধু দেখছি কি ঘটতে যাচ্ছে। তবে এই মুহূর্তে অবসরের কথা ভাবছি না। হয়তো বছরের শেষ দিকে বা এরপর হতে পারে এমন সিদ্ধান্ত।’
তবে এর মধ্যে চন্দরপল নির্বাচকদের বিবেচনায় আসতে পারেননি। সবশেষ শনিবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি) এক বিবৃতিতে চন্দরপলের অবসরের খবর নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘চন্দরপল আনুষ্ঠানিকভাবে বোর্ডকে একটি চিঠি দিয়েছে। ইমেইলে দেয়া চিঠিতে সে লিখেছে ওয়েস্ট ইন্ডিজ দলে সে আর খেলছে না।’ বোর্ড প্রেসিডেন্ট ডেভ ক্যামেরুন বিশ্বব্যাপী ক্রিকেটে তার অবদানের ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে তার জন্য শুভ কামনাও জানান।
ধারণা করা হচ্ছে মাস্টার্স চ্যাম্পিয়ন্স লিগ খেলতেই এমন সিদ্ধান্ত নেন চন্দরপল। কারণ আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের জন্য তাকে অনাপত্তিপত্র দিতে অস্বীকার করেছে ডব্লিউআইসিবি। এই টুর্নামেন্টে ৩০ হাজার ডলারে জেমিনি এ্যারাবিয়ান্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
শুধু টেস্টে লারার পর সর্বোচ্চ রান সংগ্রাহকই নন, চন্দরপল টানা ২৫ ঘণ্টা ব্যাটিংয়ের বিরল রেকর্ডও গড়েছেন। ২০০২ সালে ভারতের বিপক্ষে সেই ইনিংসে ১০৫০ বল মোকাবেলা করেন তিনি। টেস্টে তার সর্বোচ্চ ইনিংস ২০৩ রানের। যেখানে ৩০ সেঞ্চুরি ও ৬৬টি হাফসেঞ্চুরি রয়েছে। ওয়ানডে ম্যাচ খেলেন ২৬৮টি। করেছেন ৮,৭৭৮ রান। গড় ৪১.৬০। যেখানে ১১ সেঞ্চুরি ছাড়াও রয়েছে ৫৯টি হাফসেঞ্চুরির ইনিংস। খেলেছেন ২২টি টি২০ ম্যাচও।

