খুলনা প্রতিনিধি : খুলনা বাসীর কাছে টাইগার বাহিনীর ক্রিকেট খেলা যেন উচ্ছ্বাস, আনন্দ আর উৎসবের। শেখ আবু নাসের স্টেডিয়ামে খেলা হলেই যেন আনন্দ আর উৎসবে পরিণত হয় গোটা খুলনার ক্রিকেট প্রেমীদের কাছে। বাংলাদেশ-জিম্বাবুয়ের টি২০ সিরিজের চারটি ম্যাচকে কেন্দ্র করে শিল্প ও বন্দর নগরী খুলনা পরিণত হয়েছে ক্রিকেটপ্রেমীদের মিলন মেলায়। সুন্দরবন ঘেঁষা ‘রয়েল বেঙ্গল টাইগার’-এর শহর খুলনায় শুক্রবার সিরিজের শেষ ম্যাচের মধ্যদিয়ে ভাঙলো ক্রিকেটপ্রেমীদের মিলনমেলা। সর্বত্রই আলোচনার কেন্দ্রবিন্দু ক্রিকেট। খুলনাবাসীর মুখে মুখে ক্রিকেট নিয়ে নানা আলোচনা।
১৫ জানুয়ারি শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হয় জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের চার ম্যাচের টি২০ সিরিজ। দীর্ঘ নয় বছর পর খুলনায় টি২০ সিরিজ হওয়ায় পূনরায় উৎসব ছড়িয়ে পড়ে এখানকার ক্রিকেট ভক্তদের কাছে।
এই সিরিজকে সামনে রেখে নগরীর সৌন্দর্যবর্ধনেও পিছিয়ে ছিল না খুলনাবাসী। ক্রিকেটপ্রেমী অতিথিদের পরম উষ্ণতায় বরণ করে নেয় তারা। তাই তো শত বাঁধা বিপত্তি কাটিয়েও টাইগারদের উৎসাহ দিতে প্রতিটি ম্যাচে শেখ আবু নাসের স্টেডিয়ামে হাজির হয় ক্রিকেটভক্তরা। উপচেপড়া ভিড় ছিল স্টেডিয়ামের গ্যালারিতে। শেষ ম্যাচ চলাকালে শুক্রবার সন্ধ্যার সাথে সাথে দর্শকরা হাতে থাকা স্মার্ট ফোনগুলোর লাইট জ্বেলে অভিবাদন জানিয়েছেন ক্রিকেটারদের।
শুক্রবার টি২০ সিরিজের চতুর্থ ম্যাচ শেষ হওয়ার মধ্য দিয়ে খুলনায় ক্রিকেটপ্রেমীদের মিলনমেলা ভাঙে। ক্রিকেট আসর ভাঙার বেদনা খুলনাবাসীকে বেদনাহত করেছে। সিরিজ জয় পেলে খুলনাবাসীর মধ্যে আরও বেশী উৎসাহ আর উদ্দীপনা থাকতো। তাতে কি, খুলনার লাকি ভেন্যুতে টি২০ সিরিজের দু’টি ম্যাচেতো জয় পেয়েছে টাইগাররা।
বিদায়ের পূর্বেই খুলনাবাসীর মনে প্রশ্ন জেগেছে, সুন্দরবনের শহর খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে আবার কবে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে? তবে কবে লাকি ভেন্যুতে আসবে টাইগাররা …?।
খেলা শেষে নগরীর লবনচরা বোখারিয়া পাড়া এলাকার বাসিন্দা শেখ সুমন হোসেন বলেন, অনেকদিন পর খুলনায় টি২০ খেলা হয়েছে। উৎসাহ আর উদ্দীপনার কমতি ছিলো না। আবার কবে টাইগাররা খুলনা আসবে জানি না। তবে খুলনায় খেলা হলে আনন্দের কমতি থাকে না। আশা করি আবারও খুলনায় খেলা হবে।

