স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ড নিরাপদেই পেরোতে সক্ষম হয়েছেন মারিয়া শারাপোভা। আমেরিকার লরেন ডেভিসকে হারিয়ে চতুর্থ রাউন্ডে পা রাখেন তিনি। রুশ সুন্দরী অবশ্য সরাসরি সেটে জিততে পারেননি। প্রথম ও শেষ সেটে খুব সহজে জয় পেলেও দ্বিতীয় সেটে টাইব্রেকারে হেরে যান শারাপোভা। এটি শারাপোভার ক্যারিয়ারে ৬০০তম জয়।
শারাপোভা ম্যাচ জিতেন ৬-১, ৬-৭ (৫), ৬-০ গেমে। রাশিয়ান সেনসেশন প্রথম সেট জিতেন মাত্র ২৬ মিনিটে। তবে দ্বিতীয় সেটে জোড়া ফাউলের সুবাদে ৪-২ ব্যবধানে এগিয়ে যায় আমেরিকান প্রতিযোগী। শেষ পর্যন্ত টাইব্রেকারেই নিস্পত্তি হয় দ্বিতীয় সেটের খেলা। টাইব্রেকারেও শারাপোভা ভালো করতে পারেননি। তাই দ্বিতীয় সেট ডেভিসই জিতে নেন।
তবে ম্যাচ নির্ধারণী সেটে শারাপোভা আবারো ঘুরে দাঁড়াতে সক্ষম হন। এই সেটে কোনো পয়েন্টই অর্জনের সুযোগ দেননি ডেভিসকে। ২৮ বছর বয়সী শারাপোভা চতুর্থ রাউন্ডে মুখোমুখি হবেন সুইস তরুণী বেলিন্ডা বেনেসিস। ১২তম বাছাই হিসেবে খেলা বেনেসিস ক্যাটেরিনা বন্দারেঙ্কোকে হারিয়ে তৃতীয় রাউন্ড পার হন। তবে শারাপোভা-বন্দারেঙ্কো এই জুটি আগে কখনো পরস্পরের মুখোমুখি হয়নি।
এদিকে ছেলেদের এককে তৃতীয় রাউন্ডে জয় পেয়েছেন জাপানের কেই নিশিকোরি। স্পেনের গার্সিয়া লোপেজকে তিনি হারিয়েছেন ৭-৫, ২-৬, ৬-৩, ৬-৪ গেমে।

