স্পোর্টস ডেস্ক : চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনার দাপটে গত মৌসুমে উল্লেখযোগ্য কোনো শিরোপা জেতা হয়নি রিয়াল মাদ্রিদের। তাতে কি টাকা অর্জন থেমে থাকেনি ক্লাবটির। ২০১৪-১৫ মৌসুমে আবারও বিশ্বের শীর্ষ ধনী ক্লাবের তকমা পেয়েছে লস ব্লাঙ্কোসরা। এ নিয়ে টানা ১১ বার শীর্ষ ধনী ক্লাবের খেতাব পায় মাদ্রিদের ক্লাবটি।
শীর্ষ ধনী ৩০টি ক্লাবের মধ্যে এবার ১৭টিই ইংলিশ প্রিমিয়ার লিগের। তবে মর্যাদার প্রথম ও দ্বিতীয় স্থানটি দখলে নিয়েছে স্প্যানিশ লা লিগার ক্লাব রিয়াল ও বার্সেলোনা। রিয়াল আগের মতো শীর্ষে থাকলেও ট্রেবল শিরোপা জয়ের সুবাদে গতবারের চেয়ে দুইধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে মেসি-নেইমার-সুয়ারেজদের বার্সেলোনা।
আন্তর্জাতিক অ্যাকাউন্টেন্ট ফার্ম ডেলোয়েটের গবেষণা রিপোর্টে ২০১৪-১৫ অর্থবছরে রিয়ালের আয় ৪৩৯ মিলিয়ন পাউন্ড। ইউরোপের অন্য কোনো ক্লাবই এ পরিমান অর্থ আয় করতে পারেনি। ‘ফুটবল মানি লিগ’ খ্যাত এই লড়াইয়ে এ রানার্সআপ হওয়া বার্সার আয় ৪২৭ মিলিয়ন পাউন্ড।
কাতালানদের পরে গত বারের চেয়ে এক ধাপ নেমে তৃতীয় অবস্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের অর্থের পরিমাণ ৩৯৫.২ মিলিয়ন পাউন্ড। প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও বায়ার্ন মিউনিখ রয়েছে যথাক্রমে চার ও পাঁচ নম্বর অবস্থানে।

