বিনোদন প্রতিবেদক : অভিনেত্রী ফারহানা মিলি, সাদিয়া জাহান প্রভা ও অপর্না ঘোষ-তিনজনই মিডিয়াতে স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। সম্প্রতি প্রথমবারের মতো একটি ধারাবাহিক নাটকে একসঙ্গে অভিনয় করেছেন তারা। আলভী আহমেদের রচনা ও পরিচালনায় ‘শূন্য থেকে শুরু’ শিরোনামের নাটকটি আগামী ২২ জানুয়ারি থেকে আরটিভিতে প্রচার করা হবে।
নাটকটিতে প্রভাকে দেখা যাবে মাফিয়াদের গডফাদার চরিত্রে। তার চরিত্রের নাম অপলা। থ্রিলারধর্মী নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ফারহানা মিলি বলেন, ‘এই নাটকের গল্প বলার ধরন এবং নির্মাণশৈলী অনেক বেশি ভালো লেগেছে। সেই সঙ্গে প্রভা এবং অপর্নার সঙ্গে কাজটি করে আমি ভীষণ উপভোগ করেছি।’
প্রভা বলেন, ‘মিলির কাজ সবসময়ই আমার ভালো লাগে। অপর্না এই সময়ে বেশ ভালো করছে। আমাদের তিনজনের নতুন এই ধারাবাহিক নাটকটি আশা করি ভালো লাগবে দর্শকের।’
অন্যদিকে অপর্না বলেন, ‘সবসময়ই আমি বেছে বেছে ভালো গল্পের নাটকে কাজ করি। এ গল্পটি আমার ভালো লেগেছে। আশা করি দর্শকদের ভালো লাগবে।’
উল্লেখ্য, ‘শূন্য থেকে শুরু’ নাটকটির ৫২ পর্বের নির্মাণ কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। তাই আজ ২২ জানুয়ারি থেকে প্রতি শুক্র, শনি ও রোববার রাত ৮ টা ২০ মিনিটে আরটিভিতে নাটকটি প্রচারিত হবে।

