বিনোদন প্রতিবেদক : কুষ্টিয়া অঞ্চলের মানুষ নহির বাউল। লালনের শান্তির দর্শনে বিশ্বাসী এ মানুষটিই এক সময় একতারা ছেড়ে হাতে তুলে নেন অস্ত্র। যোগ দেন স্বাধীনতা যুদ্ধে। এমনই এক সত্য ঘটনা অবলম্বণে পরিচালক ফাখরুল আরেফিন নির্মাণ করতে যাচ্ছেন তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভূবন মাঝি’। ছবির নাম ভূমিকায় অভিনয় করবেন কলকাতার অভিনেতা পরমব্রত। আর তার বিপরীতে দেখা মিলবে বাংলাদেশি অভিনেত্রী অপর্ণা ঘোষ। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে রাজধানী ঢাকায় ছবিটির দৃশ্যধারণ শুরু হবে।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ‘ভুবন মাঝি’ ছবির মহরত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহরত ঘোষণা করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এসময় আরো উপস্থিত ছিলেন নির্মাতা নাসিরউদ্দিন ইউসুফ, পরিচালক ফাখরুল আরেফিন, অভিনেত্রী অপর্ণা ঘোষ, দোহার ব্যান্ডের সদস্য কালিকা প্রসাদ। এছাড়া কলকাতা থেকে উড়ে এসে যোগ দেন ছবির নায়ক পরমব্রত চট্টোপাধ্যায়।
সরকারি অনুদানের নির্মাণাধীন ‘ভূবন মাঝি’ ছবির গল্পে দেখা যাবে, পরমব্রত সারা জীবন লালন ভাব দর্শনে বিশ্বাসী হলেও, অপর্ণা ঘোষের উৎসাহে মুক্তিযুদ্ধে যোগ দেন।
উল্লেখ্য, ‘ভুবন মাঝি’ ছবিতে পরব্রত ও অর্পণা ঘোষ ছাড়াও অভিনয় করবেন মামুনূর রশীদ, নওশাবা, সুষমা সরকার, মাজনুন মিজান প্রমুখ।

