সিলেট প্রতিনিধি : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। ১৯৬২ সালে মাত্র ২৫ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হয়েছিল কলেজটির। পরবর্তীতে ১৯৮৬ সালে ওই কলেজটি নাম পরিবর্তন করে এ নাম দেয়া হয়। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কলেজটিতে দিন দিন যুক্ত হচ্ছে সফলতা।
বাংলাদেশের সরকারি প্রথম আটটি মেডিকেল কলেজের মধ্যে অন্যতম হচ্ছে ওসমানী মেডিকেল কলেজ। বাংলাদেশ তো বটেই, নেপাল, কাশ্মির, ফিলিস্তিন, ইরান, ইরাক, মালয়েশিয়া, ভুটানের শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করছেন। বর্তমানে এমবিবিএস কোর্সে প্রতিবছর ১৯৭ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাচ্ছেন এ মেডিকেলে। ওসমানী মেডিকেল কলেজে এমবিবিএস ছাড়াও স্নাতকোত্তর পড়ালেখা ও গবেষণার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা।
দেশের অন্যতম এই মেডিকেল কলেজ প্রয়োজনীয় জনবল ও অবকাঠামো থাকা সত্ত্বেও এটি এখনো বিশ্ববিদ্যালয় পর্যায়ে উন্নীত হয়নি। ওসমানী মেডিকেলকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার দাবি সিলেটবাসীর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময় সিলেট সফরে এসে ওসমানীকে মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এখনো সেই আশ্বাস বাস্তবায়িত হয়নি।
বিশ্ববিদ্যালয়ে উন্নীত না হওয়ায় বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে ওসমানী মেডিকেল কলেজের পাঠদান কার্যক্রম চলছে। অথচ কলেজটিতে স্নাতকোত্তর পড়ালেখা এবং গবেষণা চলছে। ওসমানী মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করতে বাড়তি জনবল ও অবকাঠামোরও প্রয়োজন নেই।
আজ বৃহস্পতিবার সিলেট সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে সিলেট আলিয়া মাদরাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। সিলেটবাসী মনে করছেন, ওই জনসভাতেই ওসমানী মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার চূড়ান্ত ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ওইদিন এরকম ঘোষণা দেবেন, এমনটাই চাইছেন এই কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরাও।
ওসমানী মেডিকেল কলেজের শাহেদ আহমদ নামের এমবিবিএস শেষ বর্ষের শিক্ষার্থী বলেন, ‘আমরা সবাই চাই আমাদের মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হোক। এটা আমাদের দীর্ঘদিনের দাবি।’
নাহিদ আহমেদ নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘ওসমানী মেডিকেল কলেহ হাসপাতালকে বিশ্ববিদ্যালয় করার জন্য আজ অত্র কলেজের সবাই আলিয়া মাঠে উপস্থিত হব। সেখানে দিয়ে আমারা দাবির কথা প্রধানমন্ত্রীকে জানাবো।’
ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ মোর্শেদ আহমদ চৌধুরী বলেন, ‘সবদিক থেকেই বিশ্ববিদ্যালয়ের জন্য ওসমানী মেডিকেল কলেজ প্রস্তুত রয়েছে। দেশ-বিদেশের বিপুল সংখ্যক শিক্ষার্থী এ মেডিকেলে পড়াশোনা করছেন। বর্তমানে অর্ধশতাধিক বিদেশি শিক্ষার্থী এ মেডিকেলে অধ্যয়নরত।’
অধ্যক্ষ মোর্শেদ আশা প্রকাশ করে বলেন, ‘প্রধানমন্ত্রী এবার সিলেট সফরে এসে ওসমানী মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার ঘোষণা দেবেন।’
প্রসঙ্গত, বর্তমানে ওসমানী মেডিকেল কলেজে ২৬টি কোর্স চালু রয়েছে। এছাড়া কলেজটি থেকে শিক্ষার্থীরা ডিপ্লোমা, এমএস, এমডি ও এমফিল করার সুযোগও পাচ্ছেন।

