স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদে কোচের চাকরিটা বড়ই ঝুঁকিপূর্ণ। গত কয়েক বছরে কোচদের আসা-যাওয়াটা ছিল চোখে পড়ার মতোই। হোসে মরিনহোর বিদায়ের পর আসলেন কার্লো আনচেলোত্তি। কোচের দায়িত্ব নিয়েই প্রথম মৌসুমে (২০১৩-১৪) রিয়ালকে ‘লা দেসিমা’ জিতিয়েছিলেন এই ইতালিয়ান কোচ।
ক্লাবকে এক দশকের অপেক্ষা ঘুচিয়েও পরের মৌসুমেই চাকরি হারিয়েছিলেন আনচেলত্তি। বড় কোনো শিরোপা ছাড়া মৌসুম শেষ করায় আনচেলত্তির এমন বিদায় নিশ্চিত হয়েছিল। এরপর রাফায়েল বেনিতেজের ভাগ্যটা আরো খারাপ। রিয়ালের কোচ হিসেবে একটি মৌসুম শেষ না হতেই চাকরিটা হারান তিনি।
বর্তমানে রিয়ালের কোচের দায়িত্ব পেয়েছেন ক্লাবটির সাবেক তারকা ফুটবলার জিদেদিন জিদান। ফরাসি এই কোচের অধীনে ছন্দেই রয়েছে রিয়াল। তাই জিদানের প্রশংসায় পঞ্চমুখ রিয়াল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। জানিয়েছেন, বেনিতেজের চেয়ে জিদানের অধীনে খেলতে সাচ্ছ্বন্দবোধ করছেন রিয়ালের খেলোয়াড়েরা! তার মানে বেনিতেজের বিদায়ে খুশি রোনালদো!
স্প্যানিশ মিডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘জিদান দলের জন্য গর্বের। কিছু কোচের অধীনে খেলতে আপনি সাচ্ছ্বন্দ অনুভব করবেন। জিদান তাদেরই একজন।’
জিদানের মধ্যে কার্লো আনচেলোত্তির ছায়া দেখছেন রোনালদো। ফরাসি এই কোচ রিয়ালকে অনেক দূর এগিয়ে নিতে পারবেন বলে আশাবাদী পর্তুগিজ যুবরাজ, ‘আনচেলত্তির মতো জিদানও শান্ত স্বভাবের। কিন্তু দায়িত্ব পালনে খুবই আন্তরিক। মাঠের বাইরে বন্ধুর মতো। ট্রেনিং সেশনে আমি তার মধ্যে আনচেলত্তিকেই দেখছি।’
রোনালদো আরো বলেন, ‘খেলোয়াড়দের সঙ্গে জিদানের সম্পর্কটা দারুণ। তাকে পেয়ে আমি খুবই আনন্দিত। তার কোচিংটা আমার ও সতীর্থদের জন্য উপভোগের ব্যাপারও বটে। সম্প্রতি আমরা ফর্মে রয়েছি। এটা ধরে রাখতে কঠোর পরিশ্রম করে যাচ্ছি ।’

