স্পোর্টস ডেস্ক : টেনিসে অন্ধকার জগতের সব কাজ এখন আলোয় আসতে শুরু করেছে। সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে গত এক দশকে অন্তত: ১৬ খেলোয়াড়ের ফিক্সিংয়ে জড়িত থাকার সংবাদ প্রকাশিত হয়। এবার ফিক্সিংয়ের ঘটনাকে ‘ওপেন সিক্রেট’ বললেন এক টেনিস খেলোয়াড়।
বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ফিক্সিং নিয়ে নিজের লোমহর্ষক অভিজ্ঞতার কথা তুলে ধরেন দক্ষিণ আমেরিকার এই খেলোয়াড়। তিনি বলেন, ‘ট্যুরগুলোতে এসব ঘটনা এখন আর গোপন নয়, সবারই তা জানা। কিন্তু আমরা এ বিষয়ে কথা বলি না।’
সেই খেলোয়াড় এটাও স্বীকার করেন যে শুধু র্যাঙ্কিংয়ে নিচের দিকে থাকা প্রতিযোগীরাই এর সঙ্গে জড়িত নয়। এমন কি টেনিস কর্তৃপক্ষ এসব জানেন বলেও অভিযোগ তার। যদিও টেনিস ইনটেগ্রিটি ইউনিট (টিআইইউ) এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে।
সাক্ষাৎকারে ওই খেলোয়াড় উল্লেখ করেন তিনটি বড় গ্রুপ এসব কার্যক্রম নিয়ন্ত্রণ করে। একেক গ্রুপে খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগের জন্য অনেক লোক আছে। তারা অন্তত: ৫০ থেকে ৬০টি একাউন্টের মাধ্যমে আর্থিক লেনদেন নিয়ন্ত্রণ করে।
মূলত খেলার আগেই ফল সম্পর্কে খেলোয়াড়দের ভবিষ্যদ্বাণীই তার সন্দেহকে ঘনীভূত করে। তিনি বলেন, ‘কয়েক বছর আগে যখন একজন আমাকে আগামী দুটি টুর্নামেন্টের কারা জিতবে সেই ফল বলে দিয়েছিল। আর খেলায়ও সেই একই ফল হয়েছিল। তখন থেকেই আমি বিষয়টি বিশ্বাস করতে শুরু করি। প্রথম আমি ভাবলাম হয়তো কাকতালীয়ভাবে মিলে গেছে বিষয়টি। পরে যখন দেখলাম প্রত্যেক ম্যাচের ফলই তার কথা অনুযায়ী মিলে যাচ্ছে। এসব ঘটনা মাস্টার্স সিরিজের। যেখানে বড় তারকাগণ এসবের সঙ্গে সম্পৃক্ত।’

