বিনোদন প্রতিবেদক : বাংলা নাটক আর ইদানীং ছকে বাঁধা নয়। ভিন্ন ভিন্ন আঙ্গিকে নির্মাণ হচ্ছে নাটক। কিন্তু তাই বলে অ্যাকশন ড্রামা? হ্যাঁ এবার মারদাঙ্গায় ভরপুর টেলিছবি নিয়ে আসছেন মৌসুমী-সানি পুত্র তরুণ নির্মাতা ফারদিন এহসান স্বাধীন। সোমবার ‘ডেস্টিনেশন টু’-নামে টেলিছবিটির ট্রেইলার ইউটিউবে প্রকাশ হয়েছে। ট্রেইলার দেখে মনে হতেই পারে, এটি একটি সিনেমা!
কারণ সিনেম্যাটিক গল্পের পাশাপাশি বাংলা সিনেমার জনপ্রিয় মুখগুলো থাকছে এ নাটকে। পুলিশ কর্মকর্তার চরিত্রে আছেন ওমর সানি। আছে চিত্রনায়িকা মৌসুমী, টাইগার রবি, সুব্রত। ১ মিনিট ৩৫ সেকেন্ড ব্যাপ্তির টিজারটি দেখেই অনুমান করায় যায় নতুন কিছু আসছে। শিগগিরই চ্যানেল আইয়ে টেলিছবিটি প্রচার হবে বলে জানালেন নির্মাতা ফারদিন।
রাজধানীর উত্তরা, বসুন্ধরা আবাসিক ও গাজীপুরের সাভারে টেলিছবিটির শুটিং হয়েছে। এর আগে ওমর সানি-সুজানাকে নিয়ে ‘ডেস্টিনেশন’ নির্মাণ করেছিলেন ফারদিন।

