নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে প্রস্তাবিত মেট্রোরেল রুট নিয়ে পক্ষে-বিপক্ষে সাধারণ শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের ক্ষণিকা, বৈশাখী, চৈতালী বাসে যাতায়াতকারী ছাত্রদের ব্যানারে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার সকাল থেকে বিকল্প রুট চেয়ে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ডাস সংলগ্ন রুটে আর মেট্রোরেল দ্রুত বাস্তবায়নের দাবিতে অপর পক্ষ রাজু ভাস্কর্যের পাদদেশে কর্মসূচি পালন করে।
সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে দলের দাবি, আমরা মেট্রারেলের বিরোধিতা করছি না, রুট পরিবর্তনের জন্য দাবি করছি। মেট্রারেল প্রকল্পরে জন্য আর্কিওলেজিক্যাল সার্ভেটি তৈরি করেছিল গবেষকরা সেখানে রিপোর্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে রুট না নিয়ে শাহবাগ মৎস্যভবন দিয়ে না নেয়ার জন্য সুপারিশ করা হয়েছিল।
তারা আরো বলেন, বাংলা একাডেমি ও কার্জন এর মধ্য ভাগে স্টেশন নির্মাণ হলে শিক্ষা ও শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতি হবে এবং ঐতিহাসিক স্থাপনাগুলো হুমকির সম্মুখীন হবে। মেট্রোরেল থেকে সৃষ্ট কম্পনে গবেষণা কার্যক্রম ব্যহত হবে।
এ সময় তারা ঢাবির বুক চিরে মেট্রোরেল হবে না, দাবি মোদের একটাই, বিকল্প রুট চাই স্লোগান দিতে থাকেন। রুট পরিবর্তনের জন্য বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করে। তারা সড়কে বিভিন্ন ধরনের আলপনাও আঁকেন। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে একটি মিছিল টিএসসি থেকে কলাভবন, লাইব্রেরি এলাকা ঘুরে টিএসসি এলাকা এসে শেষ হয়।
অপরদিকে ঢাবির ভেতর দিয়ে রুট নেয়ার পক্ষে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালযের ক্ষণিকা, বৈশাখী, চৈতালী বাসে যাতায়াতকারী অনাবাসিক শিক্ষার্থীরা।
তারা বলেন, মেট্রোরেল বাস্তবায়ন হলে সবচেয়ে সুবিধা পাবে অনাবাসিক শিক্ষার্থীরা। আমাদের যানজটের কারণে অনেক সময় লেগে যায়। এতে আমাদের ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করতে সমস্যা হয়। উন্নত মানের প্রযুক্তি ব্যবহারের ফলে ঐতিহাসিক স্থাপনার ক্ষতি হবে না বলে তারা বক্তব্য দেন।
তারাও তাদের দাবির পক্ষে স্লোগান, প্লাকার্ড ও সড়কে আলপনা আঁকেন। তাদের এই মানববন্ধন অনাবাসিক শিক্ষার্থীদের ব্যানারে অনুষ্ঠিত হলেও এতে ছাত্রলীগের পদধারী হল নেতারা অনেকে নেতৃত্ব দিচ্ছেন এবং কর্মসূচিতে অংশগ্রহণ হল থেকে বাধ্যতামূলক করে দেয়া হয় বলে অভিযোগ করেন সাধারণ শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, মেট্রোরেলের রুট পরিবর্তনের জন্য সাধারণ শিক্ষার্থীরা গত ৭ জানুয়ারি মানববন্ধন করে। পরবর্তীতে তারা সংবাদ সম্মেলন করে আজ বুধবার অবস্থান কর্মসূচি ঘোষণা করে। অপরদিকে মেট্রোরেল দ্রুত বাস্তবায়নের জন্য গত সোমবার এক মানববন্ধন থেকে উপাচার্যকে স্মারকলিপি প্রদানসহ তারাও একই দিনে অবস্থান কর্মসূচি ঘোষণা করে।

