স্পোর্টস ডেস্ক : সাবেক বিশ্বসেরা টেনিস তারকা ভেনাস উইলিয়ামস বের হতে পারলেন না পতনের ধারা থেকে। তিন বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নেন তিনি। ভেনাস হারলেও পুরুষ এককে ফেভারিটদের জয়যাত্রা অব্যাহত আছে।
স্কটিশ তারকা এ্যান্ডি মারে নিরাপদেই পার হয়েছেন প্রথম রাউন্ড। প্রথম রাউন্ডের খেলায় স্কটিশ তারকা এ্যান্ডি মারে জার্মানির ১৮ বছর বয়সী তরুণ প্রতিযোগী আলেকজান্ডার জেভারেভকে হারান। মারে জয়লাভ করেন ৬-১, ৬-২, ৬-৩ গেমে।
আর যুক্তরাষ্ট্রের উইলিয়ামস ভগ্নিদ্বয়ের বড় বোন অভিষিক্ত জোহান্না কোন্টার কাছে ৬-৪, ৬-২ গেমে হেরেছেন। প্রথমবারের মতো টুর্নামেন্টে খেলা কোন্টা ভেনাসকে হারাতে সময় নেন মাত্র এক ঘণ্টা ১৯ মিনিট। এক বছর আগে মেলবোর্নে কোয়ার্টারে খেলেন। এখনো ডব্লিউটিএ র্যাঙ্কিংয়ে রয়েছেন সেরা দশে। আর অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নেন অষ্টম বাছাই হিসেবে।
সাবেক বিশ্বসেরা টেনিস তারকাকে হারিয়ে দারুণ উচ্ছ্বসিত ব্রিটিশ প্রতিযোগী কোন্টা। তিনি বলেন, ‘যেভাবে পরিস্থিতি মোকাবেলা করেছি তাতে আমি সন্তুষ্ট। এখানে তাপমাত্রা বেশি। সেরা খেলোয়াড়ের সঙ্গে আমি দারুণভাবেই খেলেছি। এটা সবাই দেখেছেন।’

