স্পোর্টস ডেস্ক : ২০১১ সালে ইংল্যান্ডের বিপক্ষে সব শেষ টি২০ খেলেছিলেন শন টেইট। ওই সিরিজে বল হাতে নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। তাই অস্ট্রেলিয়া জাতীয় দল থেকে বাদ পড়েন টেইট। এরপর পাঁচ বছর ধরে ছিলেন জাতীয় দলের বাইরে। তবে ফেরার অপেক্ষায় ছিলেন ৩২ বছর বয়সী এই বোলার। সেই অপেক্ষার অবসান ঘটল টেইটের। ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার টি২০ স্কোয়াডে জায়গা পেয়েছেন অসি এই পেসার।
সোমবার ভারতের বিপক্ষে শেষ দুটি ওয়ানডে ও টি২০ সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেন অসি নির্বাচকরা। স্বাগতিকদের ওয়ানডে স্কোয়াডে অবশ্য সুযোগ পাননি টেইট। তাকে রাখা হয়েছে ২৬ জানুয়ারি থেকে শুরু হতে চলা টি২০ সিরিজে।
গত বছর আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলে আলো ছড়ান টেইট। এছাড়া অস্ট্রেলিয়ার ঘরোয়া টি২০ লিগ বিগ ব্যাশেও অ্যাডিলেড স্ট্রাইকারসের হয়ে ভালো বোলিং করেন তিনি। আসন্ন টি২০ বিশ্বকাপকে মাথায় রেখেই হয়তো অভিজ্ঞ বোলার টেইটকে দলে ভিড়িয়েছেন নির্বাচকরা।
এদিকে অস্ট্রেলিয়ার তারকা স্পিনার নাথান লিওন ফিরেছেন টি২০ ও ওয়ানডের উভয় স্কোয়াডে। ভারতের বিপক্ষে নিজেকে মেলে ধরার অপেক্ষায় রয়েছেন লিওন।
ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার শেষ দুই ওয়ানডে স্কোয়াড: স্টিভেন স্মিথ(অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, জর্জ বেইলি, স্কট বোল্যান্ড, জেমস ফকনার, অ্যারন ফিন্স, জন হ্যাস্টিংস, নাথান লিওন, মিচেল মার্শ, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন ও ম্যাথু ওয়েড।
ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার টি২০ স্কোয়াড: অ্যারন ফিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, শেন ওয়াটসন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, জেমস ফকনার, জন হ্যাস্টিংস, শন মার্শ, ক্যামেরন বয়েস, নাথান লিওন, ক্রিস লিওন, ট্রাভিস হেড, কেন রিচার্ডসন, আন্দ্রে টাই, স্কট বোল্যান্ড ও শন টেইট।

