বিনোদন ডেস্ক : বিশ্বের সবচেয়ে প্রাচীন আর বিশাল পরিসর নিয়ে আয়োজিত জৌলুসময় চলচ্চিত্র উৎসবগুলোর মধ্যেও সবচেয়ে দাপুটে হলো ‘বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। ১৯৫১ সাল থেকে শুরু হওয়া এই চলচ্চিত্র উৎসবের ৬৬তম আসর আসছে ফেব্রুয়ারিতে বসতে যাচ্ছে জার্মানির বার্লিনে। আর এই উৎসবেই চূড়ান্ত মনোনয়ন নিয়ে চমক সৃষ্টি করেছে মালায়লাম মেধাবী নির্মাতার ছবি ‘ওতাল’।
বিশ্বসেরা রাশিয়ান গল্পকার আন্তন চেখভের ছোট গল্প অবলম্বনে নির্মিত ‘ওতাল’ ছবিটি এরইমধ্যে চূড়ান্ত ১৩ ছবির মধ্যে স্থান করে নিয়েছে। যা ক্রিস্টেল বেয়ার এবং জুরি প্রাইজের জন্য প্রতিযোগিতা করবে বিশ্ব সেরা আরো বারোটি চলচ্চিত্রের সাথে। ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা জয়রাজ। ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতে নিয়েছে।
আর অন্যদিকে শিশু ও যুব চলচ্চিত্র বিভাগেও লড়বে ছবিটি। ওই ক্যাটাগরিতে ‘ওতাল’-এর সাথে লড়বে লিটল ম্যান, ব্লু বাইসাইকেল, রারা এবং দ্য ওয়ার্ল্ড অব আস।
এরইমধ্যে ভারতীয় ‘ওতাল’ ছবিটি সদ্য অনুষ্ঠিত মুম্বাই ফিল্ম ফেস্টিভাল ও কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শীত হয়েছে। এবং বেশ প্রশংসাও কুড়িয়েছে।

