ঢাকাTuesday , 19 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থি শিক্ষকদের জয়

Link Copied!

সভাপতি ড. সৈয়দ সামসুল আলম ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. মহিবুল আলম

সভাপতি ড. সৈয়দ সামসুল আলম ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. মহিবুল আলম

শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি-২০১৬ নির্বাচনে আওয়ামীপন্থি শিক্ষকরা জয়ী হয়েছেন। মোট ১১টি পদের দুটি বাদে আওয়ামীপন্থি ও আওয়ামী-বাম সমর্থিত শিক্ষকদের দুটি প্যানেল ৯টিতে জয়ী হয়েছে। বিএনপি-জামায়াতপন্থী শিক্ষক প্যানেল থেকে জয় এসেছে দুটি পদে।
সোমবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. তাজউদ্দিন।
শিক্ষকদের তিন প্যানেলের ত্রিমুখি লড়াইয়ে আওয়ামীপন্থি শিক্ষক প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ থেকে সভাপতি পদে ড. সৈয়দ সামসুল আলম (রসায়ন) ও সাধারণ সম্পাদক পদে ওই একই প্যানেলের সহযোগী অধ্যাপক মো. মহিবুল আলম (কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স) নির্বাচিত হয়েছেন।
সহ-সভাপতি পদে বিএনপি-জামায়াতপন্থি শিক্ষক প্যানেল থেকে ড. মো. মোজাম্মেল হক (ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি), কোষাধ্যক্ষ পদে আওয়ামী-বাম সমর্থিত শিক্ষক প্যানেলের ড. মুশতাক আহমেদ (সিভিল অ্যান্ড অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং) এবং যুগ্ম সম্পাদক পদে আওয়ামীপন্থি শিক্ষক প্যানেল থেকে সহকারী অধ্যাপক আল আমিন রাব্বী (সমাজবিজ্ঞান) নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কার্যকরী সদস্য পদে আওয়ামীপন্থি শিক্ষকদের প্যানেল থেকে অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী (পদার্থবিজ্ঞান), ড. দীপেন দেবনাথ (রসায়ন) ও সহকারী অধ্যাপক এটিএম শহীদুল হক মজুমদার (পেট্রেলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং) নির্বচিত হয়েছেন।
অন্যদিকে আওয়ামী-বাম সমর্থিত শিক্ষক প্যানেল থেকে ড. মো. জহির বিন আলম (সিভিল অ্যান্ড অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং) ও ড. এস. এম. হাসান জাকিরুল ইসলাম (পলিটিক্যাল স্টডিজ) নির্বাচিত হয়েছেন।
কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন বিএনপি-জামায়াতপন্থি শিক্ষক প্যানেলের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল (ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং)।
সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. শাহীদুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আব্দুল হান্নান, গণিত বিভাগের অধ্যাপক মাহবুবুর রশিদ। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৪৮৮ জন।
এবারের নির্বাচনে আওয়ামীপন্থি শিক্ষকদের প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’, আওয়ামী-বামপন্থি শিক্ষকদের প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তাচর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ এবং বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশি জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল শিক্ষক ফোরাম’ নামে তিনটি মোর্চা প্রতিদ্বন্দ্বিতা করে।