স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ান ওপেনের উদ্বোধনী দিনে প্রথম রাউন্ডে জয় পেয়েছেন রজার ফেদেরার ও নোভাক জকোভিচ। জকোভিচ হারিয়েছেন দক্ষিণ কোরিয়ার হিয়ন চাঙকে। কোরিয়ান এই পতিযোগী টেনিস বিশ্বের অন্যতম উদীয়মান একজন খেলোয়াড়। গত বছর দর্শকদের ভোটে সেরা উদীয়মান টেনিসম্যান হয়েছেন।
সোমবার কোরিয়ার ১৯ বছর বয়সী এই প্রতিযোগীকে ৬-২, ৬-৩, ৬-৪ গেমে হারান জকোভিচ। প্রথম ম্যাচেই বিশ্বসেরা সার্বিয়ানের সঙ্গে মোকাবেল করতে হয় চাঙকে। তাই এতো বড় চ্যালেঞ্জ পেরিয়ে আর দ্বিতীয় রাউন্ডে যেতে পারেননি। ম্যাচটিকে দুর্দান্ত বলে অভিহিত করেন ১০ গ্র্যান্ডস্লাম জয়ী জকোভিচ। র্যাঙ্কিংয়ে ৫১ নম্বরে থাকা প্রতিপক্ষকে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে দারুণ উচ্ছ্বসিত তিনি।
জকোভিচ বলেন, ‘অস্ট্রেলিয়ার এই গ্রীষ্মকালে দারুণ একটা ওপেনিং ম্যাচ খেললাম। একটু বেশি গরম ছিল। তবে তা শুধু আমার জন্য নয়, আমাদের উভয়ের জন্যই। এমন কন্ডিশনে নিজেকে তৈরি করা যায়।’ জকোভিচ ২০১৪ সালের অক্টোবরে বাবা হয়েছেন। এরপর থেকে এখনো পর্যন্ত মাত্র ৬ ম্যাচে হেরেছেন। বিপরীতে ট্রফি জিতেছেন ১৪টি। মেলবোর্নেও ভালো একটি সূচনা হওয়ায় ফুরফুরে মেজাজেই আছেন তিনি।
জকোভিচ ছাড়াও উদ্বোধনী দিনে প্রথম রাউন্ডে জয় পেয়েছেন সর্বোচ্চ ১৭ গ্র্যান্ডস্লাম জয়ী রজার ফেদেরার। জর্জিয়ার নিরলস বাসিলাসভিলিকে ৬-২, ৬-১, ৬-২ গেমে উড়িয়ে দেন তিনি। মেয়েদের এককে জিতেছেন সেরেনা উইলিয়ামসও। ইতালির ক্যামিলা জিওর্জিকে ৬-৭, ৭-৫ গেমে হারান তিনি।

