বিনোদন ডেস্ক : গতমাসে শেষ হয়েছে তরুণ নির্মাতা আকরাম খানের চলচ্চিত্র ‘খাঁচা’র দৃশ্যধারণ। এখন চলছে ছবির দৃশ্যের কাঁটাছেড়া। একটার পর একটা দৃশ্য সাজানোর পরই শুরু হবে ডাবিং। নির্মাতা জানালেন, ‘ফেব্রুয়ারির মাঝামাঝির দিকে ডাবিং শুরু করবো। জুনের দিকে ছবিটি সেন্সরে জমা দেয়ার পরিকল্পনা আছে। দেশের বাইরে কয়েকটি ফেস্টিভালেও জমা দেব ছবিটি।’
১৯৪৭ সালের দেশভাগের পটভূমিতে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘খাঁচা’। নন্দিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি। এতে সরোজিনী চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। ২৫ বছরের যুবতী থেকে শুরু হয়ে ৬৫ বছরের বৃদ্ধার ভূমিকায় তাকে দেখা যাবে। সরকারি অনুদানে নির্মিত এই ছবিতে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, আজাদ আবুল কালাম, আতাউর রহমান প্রমুখ।

